৯৯৬ কোটি টাকার বাঁধে ‘লুটপাট’, ধসে পড়ছে তীর সংরক্ষণ ব্লক

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৬, ০৯:৪৯ এএম

৯৯৬ কোটি টাকার বাঁধে ‘লুটপাট’, ধসে পড়ছে তীর সংরক্ষণ ব্লক

ফাইল ফটো

পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) নদী তীর সংরক্ষণ প্রকল্পের নামে গাইবান্ধায় ৯৯৬ কোটি টাকার প্রকল্প ভেস্তে যেতে বসেছে। ভাঙন প্রতিরোধে এতো টাকা ব্যয় করা হলেও বছর না ঘুরইে বালুর বাঁধের অন্তত ৫২টি পয়েন্টে ধস নেমেছে। কংক্রিটের বোল্ডারও ধসে গেছে পানিতে। বন্যায় বাঁধ ভাঙার আতঙ্গে আশপাশের লোকজন সরে যেতে শুরু করেছে। অন্যদিকে কাজ সমাপ্ত দেখিয়ে পাউবোর কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতা সাব ঠিকাদার ৯৯৬ কোটি টাকার সিংহভাগ টাকা ভাগবাঁটোয়ারা করে চম্পট দিয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড জানায়, ২০২৩-২৪ অর্থবছরে গাইবান্ধার যমুনা ও তিস্তা নদীর তীর সংরক্ষণের জন্য কামারজানি থেকে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর পর্যন্ত ১৩ কিলোমিটার বাঁধ ও তীর সংরক্ষণের জন্য কংক্রিটের বোল্টার দিয়ে তীর সংরক্ষণ করা প্রকল্পের দরপত্র হাতে নেওয়া হয়। দরপত্র অনুযায়ী কাজটি পান পাবনার ঠিকাদারি প্রতিষ্ঠান গোলাম রব্বানী কন্সট্রাকশন। কাজটি তিনি নিজে না করে স্থানীয় আওয়ামী লীগ নেতা সাব ও ঠিকাদার দিয়ে শুরু করেন। নিয়মানুযায়ী দীর্ঘ এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মাটি দিয়ে নির্মাণ করার কথা। 

কিন্তু গায়ের জোরে ঠিকাদার পাউবোর কর্তাদের সামনেই ভেকু দিয়ে বাঁধের নিচ থেকেই মাটি কেটে নির্মাণ করেন বাঁধ। বাঁধের মাটি দুপাশে সরিয়ে মাঝখানে দেওয়া হয় বাঁধের পাশ থেকে কেটে নিয়ে আসা বালু। অথচ বাঁধ নির্মাণ করার কথা মাটি দিয়ে। আর যদি বালুর প্রয়োজন হয় তাহলে বালু আনার কথা কমপক্ষে ১শ ফিট দূর নদীর মাঝ থেকে।

কিন্তু এ ক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তাদের সহযোগিতায় তৎকালীন স্বৈরাচারী সরকারের নিয়োজিত ঠিকাদার কাজের নামে লুটপাটে মেতে ওঠেন। তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর ভাঙন রক্ষা ও বাঁধ সংরক্ষণের জন্য কংক্রিটের ব্লক বসানোর কথা। কিন্তু লোক দেখানো নামমাত্র ব্লক বসানো হয় নদীর বাঁধ ও তীর রক্ষায় কংক্রিটের ব্লক।

 কিন্তু বছর না ঘুরতেই তিস্তা ব্রহ্মপুত্র নদীর স্রোতের তীব্রতায় তীর সংরক্ষণের জন্য বসানো ব্লক অনেক অংশ পানিতে ধসে যায়। কয়েক দিনের বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীর তীরে কাপাসিয়া, শ্রীপুর, হরিপুর, পুঠিমারী, ফুলছড়িসহ বিভিন্ন এলাকায় ধস ও ভাঙন অব্যাহত রয়েছে। চলতি বর্ষার শুরুতেই নতুন নির্মিত হাজার কোটি টাকার বালুর বাঁধের অন্তত ৫২টি স্থানে ধসে গেছে অনেক এলাকায়। বিশাল বিশাল ধসের কারণে বাঁধে চলাচল করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। 

এই বাঁধের কাজ শুরুর সময়ে স্থানীয় লোকজন বাঁধের পাশ থেকে মাটি ও বালু তোলায় বাধা দিলে আওয়ামী লীগের লোকজন ঠিকাদারের বাহিনী এসে গ্রামবাসীকে একাধিকবার হুমকি দিয়েছে। বলেছে সরকারি কাজে বাধা হলে মামলা হবে। আর এই কাজ আওয়ামী লীগের বড় নেতার কাজ। এখানে বাধা দিলে কারও ঘাড়ে মাথা থাকবে না। চুপচাপ দেখে যান আমরা কাজ করি। 

পানি উন্নয়ন বোর্ডেও লোকজনও ছিলেন আওয়ামী লীগের লোকজনের পক্ষে। তারাও ভাগ পেয়ে খুশি। বাঁধের কি হয় হোক, আর নদীর তীর সংরক্ষণ হোক বা না হোক পানি উন্নয়ন বোর্ড, গাইবান্ধার দুর্নীতিবাজ কর্মকর্তাদের সহযোগিতায় আওয়ামী লীগের নেতা ও সাব ঠিকাদার ঠিকই ৯শ ৯৬ কোটি টাকার বিল উত্তোলন করে হাওয়া হয়ে গেছেন।

Link copied!