ন্যাশনাল সার্ভিসে ২৯২ কোটি টাকার দুর্নীতির ১৭৪ পৃষ্ঠা তদন্ত প্রতিবেদন ঘিরে রহস্য, তদন্ত কর্মকর্তার বিরুদ্ধেই তদন্ত শুরু!

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৬, ০৯:৫৫ এএম

ন্যাশনাল সার্ভিসে ২৯২ কোটি টাকার দুর্নীতির ১৭৪ পৃষ্ঠা তদন্ত  প্রতিবেদন ঘিরে রহস্য, তদন্ত কর্মকর্তার বিরুদ্ধেই তদন্ত শুরু!

ফাইল ফটো

ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে আর্থিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে অভিযোগ তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধেই তদন্ত শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. রোকন উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

গত ৫ অক্টোবর ২০২৬ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব-১ শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তর, ভোলার উপপরিচালক মো. রোকন উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও দাখিল করা অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও শেরপুরে দায়িত্ব পালন করেছেন।

মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, কিশোরগঞ্জের নন্দাইলের বাসিন্দা মো. মিজানুর রহমান রোকন উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব-১ শাখার যুগ্মসচিব মো. গোলাম মোস্তফাকে। সদস্য করা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের উপপরিচালক মো. আতিকুর  রহমানকে।

অফিস আদেশে কমিটিকে ডিডি রোকন উদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে আর্থিক দুর্নীতি ও ২৯২ কোটি টাকা অনিয়ম নিয়ে দৈনিক প্রতিদিনের কাগজে ধারাবাহিক অনুসন্ধানী  প্রতিবেদন এবং এ-সংক্রান্ত ১৭৪ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন সচিবের দপ্তর থেকেই গায়েব কিভাবে হলো খোঁজে বের করতে এ তদন্ত কমিটি করা হয়। 

এ ছাড়া ময়মনসিংহ দায়িত্ব পালনকালে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির দুর্নীতি ও অনিয়মের বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছিল কি না, হয়ে থাকলে সেই প্রতিবেদনের ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে—তাও খতিয়ে দেখতে বলা হয়েছে। এবং সেই সেখান থেকেও গায়েব হয়েছে কিনা  যাচাই করবেন। 

তদন্ত কমিটিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ, প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা এবং এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির প্রকল্পে সুবিধাভোগীদের তালিকায় ছাত্রলীগের নেতাকর্মী এবং  ২৯২ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতি নিয়ে তদন্তের সঙ্গে যুক্ত কর্মকর্তা রোকন উদ্দিন ভূঁইয়াকে গত এক মাসে একাধিক চিঠি দিয়ে হয়রানি করা হচ্ছে। রোকন উদ্দিন ভূইয়া জানান, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে আমার  বিরুদ্ধেই তদন্ত শুরু করা হয়েছে।

এদিকে, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির অনিয়ম নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারজানা পারভীন, উপপরিচালক নুরুজ্জামান চৌধুরীসহ ১১ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ময়মনসিংহ জেলা কার্যালয় থেকে অনুসন্ধান করছেন উপপরিচালক রঞ্জিত কুমার কর্মকার। ১ জানুয়ারি -২০২৬  এই অনুসন্ধানের চিঠি দেন। 

অভিযোগ রয়েছে, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির অনিয়মের বিষয়ে প্রস্তুত করা একটি ১৭৪ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্রের একটি অংশ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। অভিযোগকারীদের দাবি, গুরুত্বপূর্ণ নথি গায়েবের বিষয়টি তদন্তের পরিবর্তে তদন্তকারী কর্মকর্তাকে বিভিন্নভাবে চাপের মধ্যে রাখা হচ্ছে। 

আরও অভিযোগ করা হয়েছে, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির দুর্নীতির ঘটনায় অভিযুক্ত কয়েকজন কর্মকর্তাকে রক্ষায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. মহিউদ্দিন, বর্তমান সচিব মাহাবুব উল আলম, যুগ্মসচিব লুলু বিলকিস ও যুব অন্নদপ্তরের পরিচালক মফিজ উদ্দিন সহ ৫ জন সরাসরি এই দুর্নীতির ও ফাইল গায়েবের ঘটনায় জড়িত বলে একটি গোপন সূত্র জানিয়েছেন। বিশেষ করে উপপরিচালক ফারজানা পারভীনকে এই দুর্নীতি থেকে রক্ষা করতে তারা তৎপর রয়েছে।  

সংশ্লিষ্টরা বলছেন, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির মতো আওয়ামী শাসন আমলে বড় সরকারি প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ থাকলে তদন্তের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত কোনো কর্মকর্তা বা ব্যক্তিকে দোষী সাব্যস্ত না করে নথিপত্রের ভিত্তিতে তদন্ত সম্পন্ন করা প্রয়োজন।

মন্ত্রণালয়ের গঠিত কমিটির তদন্ত প্রতিবেদনেই অভিযোগগুলোর প্রকৃত চিত্র স্পষ্ট হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

Link copied!