লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আত্মীয়ের বাড়িতে দাওয়াতে এসে ইতালি প্রবাসী পরিবারের এক তরুণীকে জোরপূর্বক অপহরণের অভিযোগ উঠেছে। গত ১ আগস্ট দুপুরে কয়েকজন আত্মীয় ইতালি প্রবাসী আবু তারেক মোল্লার বাড়িতে দাওয়াতে আসেন। খাবার শেষে তারা তারেক মোল্লা ও তার স্ত্রীকে একটি কক্ষে আটকে রাখেন। এ সুযোগে বসতঘরের আলমারিতে থাকা নগদ ৫ লাখ টাকা ও প্রায় ৮ ভরি স্বর্ণালংকার লুট করা হয়। একই সময়ে তাদের মেয়ে জান্নাত মোল্লাকে (১৮) কৌশলে জোরপূর্বক বাড়ি থেকে বের করে সিএনজিচালিত অটোরিকশায় করে অজ্ঞাত ব্যক্তিদের সহযোগিতায় অপহরণ করা হয়।
মেয়েকে উদ্ধারে পুলিশের তল্লাশি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বাবা আবু তারেক মোল্লা। এ ঘটনায় ১ অক্টোবর লক্ষ্মীপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন (নং-২৯/২৬) দায়ের করা হয়েছে। আবু তারেক মোল্লা চন্দ্রগঞ্জ থানাধীন দেওপাড়া এলাকার করিম উদ্দিন মোল্লা বাড়ির বাসিন্দা।
অভিযোগ রয়েছে, অপহরণের সময় তরুণীর ইতালির পরিচয়পত্র, পাসপোর্ট, পারমেসো দি সোজর্নো (রেসিডেন্স পারমিট), কোদিচে ফিসকালে এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রও নিয়ে যাওয়া হয়েছে। এসব নথি না থাকায় তরুণীর স্বাভাবিক জীবনযাপন এবং ইতালিতে ফেরার প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে পরিবার। গত ২২ জুলাই তারা বাংলাদেশে আসেন। দেশে আসার পর আত্মীয়তার সূত্রে অভিযুক্তদের বাড়িতে দাওয়াত দেওয়া হয়েছিল।
সেই দাওয়াতের সুযোগেই পরিকল্পিতভাবে মেয়েকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীর বাবা। অভিযুক্ত ফরিদ হোসেন (২৫) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের জংলী মনোরাশপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে। অভিযুক্ত যুবক ও ভুক্তভোগী তরুণী সম্পর্কে খালাতো ভাই-বোন। স্থানীয়ভাবে জানা যায়, অভিযুক্ত যুবক ও তার বাবা-মায়ের যোগসাজশে তরুণীকে অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখা হয়েছে।
ভুক্তভোগী তরুণীর বাবা আবু তারেক মোল্লা বলেন, ‘আমরা ইতালি থেকে বাড়িতে বেড়াতে এসেছি। এক জায়গায় আমার মেয়ের বিয়ের বিষয়ে আলোচনা চলছিল। এরই মধ্যে ফরিদ আমাদের রুমে আটকে রেখে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ আমার মেয়েকে জোর করে অপহরণ করে নিয়ে যায়। আমি অনেকভাবে মেয়েকে উদ্ধারের চেষ্টা করেছি, কিন্তু ফরিদ আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। আইনি ব্যবস্থা নিলে মেয়েকে মেরে ফেলাসহ আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ‘বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। উপায়ান্তর না দেখে আমি আদালতে মেয়েকে উদ্ধারের জন্য আবেদন করেছি।’

আপনার মতামত লিখুন :