ডেঙ্গু মহামারি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান। মঙ্গলবার সকালে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, "ডেঙ্গু বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছেন, অথচ এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও মশার ওষুধ ছিটানোর ক্ষেত্রে সরকারের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। হাসপাতালগুলোতে শয্যা খালি পাওয়া যাচ্ছে না।"
এ সময় তিনি সরকারের প্রতি অস্থায়ী চিকিৎসা ক্যাম্প ও অতিরিক্ত ডেঙ্গু ওয়ার্ড চালু এবং বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, নির্মাণাধীন ভবন ও ড্রেনে নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানান।
সোনারগাঁ থানা কর্মপরিষদ সদস্য মাওলানা এনায়েত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে কাঁচপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নাজিম উদ্দিন ও আবু মূসাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মশার ওষুধ ছিটানোর কার্যক্রম উদ্বোধন করেন।

আপনার মতামত লিখুন :