টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে গণপিটুনি, হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৬, ০৭:৩২ পিএম

টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে গণপিটুনি, হাসপাতালে ভর্তি

ইমরান সরকার , টঙ্গী : গাজীপুর মহানগরের টঙ্গীর শিলমুন দক্ষিণপাড়া এলাকায় চুরির অভিযোগে সাকিব (৩১) ও রাকিব (২২) নামে দুই আপন ভাইকে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শারীরিক অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাত আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, দুই ভাই অটোরিকশা নিয়ে শিলমুন দক্ষিণপাড়া এলাকায় গিয়ে একটি তিনতলা ভবন থেকে এসএস পাইপ নামানোর চেষ্টা করছিলেন।

বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দুজনকে আটক করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জু ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার জন্য তাদের টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের দাবি, আটক দুই ভাই চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার খবর পেয়ে দুই ভাইয়ের বাবা আলমগীর হোসেন ও মা সাবিনা আক্তার ঘটনাস্থলে ছুটে এসে ছেলেদের বাঁচাতে আকুতি-মিনতি করেন। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, গণপিটুনির শিকার দুই ভাইকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বাবার জিম্মায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সিয়াম সরিষা
Link copied!