মুক্তাগাছায় দুল্লা ইউনিয়ন ও পৌর এলাকায় মাদক মামলায় মোট ৭ জনের বিনাশ্রম কারাদণ্ড

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৬, ০৭:৩৫ পিএম

মুক্তাগাছায় দুল্লা ইউনিয়ন ও পৌর এলাকায় মাদক মামলায়  মোট ৭ জনের বিনাশ্রম কারাদণ্ড

ফাইল ফটো

শুভ তালুকদার , মুক্তাগাছা : ময়মনসিংহের মুক্তাগাছায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের সময় চারজনকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে পৃথক মামলায় আরও তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ১ নং দুল্লা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিন্নাকুড়ি পূর্বপাড়া এলাকায় হাসিমের বসতবাড়িতে মাদক সেবনের সময় এলাকাবাসী হাসিমসহ চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পরে মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্র। এ সময় মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজ্জাদ হোসেন (পিতা হাফিজুল, গ্রাম বিন্নাকুড়ি) ও হাসিম (পিতা মফিজুল, গ্রাম বিন্নাকুড়ি) প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া জামালপুর সদর উপজেলার বন্দচিথলিয়া গ্রামের মামুনুর রশিদের ছেলে আবিদকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড এবং একই উপজেলার বকুলতলা গ্রামের আসাদুজ্জামানের ছেলে রাহাতকে ১৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এদিকে পৃথক ঘটনায় মুক্তাগাছা নতুন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. মিলন (পিতা মো. হযরত আলী, গ্রাম কান্দিগাঁও, মুক্তাগাছা) ও মো. রবিন (পিতা মৃত আব্দুর রশিদ, গ্রাম পয়ারকান্দি)কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মিলনকে ৫০০ টাকা এবং রবিনকে ২০০ টাকা অর্থদণ্ড করা হয়।

অপরদিকে মুক্তাগাছা পৌর এলাকার পাড়াটঙ্গি এলাকার রাজু আহমেদকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্র যৌথভাবে জানান, ভয়াবহ মাদকের ছোবল থেকে সমাজকে রক্ষা করতে মাদক বিপণন, পাচার ও সেবন রোধে চলমান অভিযান অব্যাহত থাকবে। মাদকবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তারা।

Link copied!