টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাহত এসআই, গ্রেপ্তার ২

শরীফ ওমর টুটুল , গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৬, ০১:১৫ পিএম

টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাহত এসআই, গ্রেপ্তার ২

গাজীপুরের টঙ্গীতে চিহ্নিত ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মাহমুদ। এ ঘটনায় শাওন ও সাগর নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে গাজীপুর মহানগরীর সাতাইশ-সুখিনগর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, সাতাইশ-সুখিনগর এলাকায় ছিনতাইয়ের ঘটনায় জড়িত শাওন ও সাগরকে গ্রেপ্তারে অভিযান চালায় টঙ্গী পশ্চিম থানার একটি দল। অভিযানের একপর্যায়ে পুলিশ তাদের আটক করার চেষ্টা করলে তারা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।

এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এসআই হানিফ মাহমুদ আহত হন। আহত হওয়ার পরও তিনি পিছু না হটে ছিনতাইকারীদের ধাওয়া করে দুজনকেই আটক করতে সক্ষম হন। পরে পুলিশ সদস্যরা তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ছুরিকাঘাতে আহত এসআই হানিফ মাহমুদকে তাৎক্ষণিকভাবে টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে স্থানান্তর করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার এসএম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চিহ্নিত ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চালানোর সময় পুলিশের একজন কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সিয়াম সরিষা
Link copied!