সোনারগাঁয়ে দোয়েল পরিবহনের বাসের চাপায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

মইন আল হোসাইন , সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৬, ০৫:৪৭ পিএম

সোনারগাঁয়ে দোয়েল পরিবহনের বাসের চাপায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

ফাইল ফটো

​নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দোয়েল পরিবহনের এক বেপরোয়া গতির বাসের চাপায় পিষ্ট হয়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৭ অক্টোবর দুপুর আনুমানিক ১২টার দিকে মহাসড়ক পারাপারের সময় ঢাকা মেট্রো থ-১২-৩২৩৮ নম্বরের ঘাতক বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মর্মান্তিক এই দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

​প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে পথচারী বৃদ্ধ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা দোয়েল পরিবহনের বাসটি তাকে সরাসরি চাপা দিয়ে বেশ কিছু দূর টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পরপরই স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়েন। স্থানীয়দের অভিযোগ, দোয়েল পরিবহনের চালকদের বেপরোয়া গতি, ফিটনেসবিহীন যানবাহন চালানো, যাত্রীদের সাথে কুরুচিপূর্ণ ব্যবহার এবং অতিরিক্ত ভাড়া আদায়ের মতো নৈরাজ্য প্রতিনিয়ত ঘটছে। অবিলম্বে এর স্থায়ী সমাধান না হলে মহাসড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ক্ষুব্ধ জনতা।

ঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং ঘাতক বাসটি আটক করে থানা হেফাজতে নেয়। ​ঘটনার বিবরণ দিয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল মিয়া জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ড্রাইভার পলাতক রয়েছে। তবে ঢাকা মেট্রো থ-১২-৩২৩৮ নম্বরের বাসটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

​ওসি জুয়েল মিয়া আরও বলেন, "চালক ও হেলপারকে শনাক্ত করে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি, অবৈধ চালক ও বেপরোয়া গতির বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। উক্ত ঘটনার তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে সর্বোচ্চ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

সিয়াম সরিষা
Link copied!