কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) কুমিল্লা পুলিশ লাইন্সের ড্রিলশেড শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়ার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম। মাসিক কল্যাণ সভায় কুমিল্লা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সকল পদমর্যাদার সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় পুলিশ সদস্যরা তাদের কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় বিষয় পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম পুলিশ সদস্যদের সতর্কতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পুলিশের প্রতিটি সদস্যকে জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ যথাযথভাবে অনুসরণ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য সবাইকে আন্তরিক হতে হবে। এ সময় তিনি পুলিশ সদস্যদের নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা, নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন।
কল্যাণ সভায় গত সেপ্টেম্বর ২০২৬ মাসের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ কর্মকর্তাদের নাম ঘোষণা ও পুরস্কৃত করা হয়। এ সময় শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, অতিরিক্ত দায়িত্বে) মো. কামরুজ্জামান, শ্রেষ্ঠ সার্কেল অফিসার (দ্বিতীয়) হিসেবে সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মো. শাহীন এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নাম ঘোষণা করা হয়। এছাড়া শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (দ্বিতীয়) হিসেবে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলামের নাম উল্লেখ করা হয়।
ভালো কাজ, দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট অফিসার ও ফোর্স সদস্যদের অর্থ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার তাদের ভবিষ্যতে আরও দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করেন। পাশাপাশি ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ভবিষ্যতে অর্থ পুরস্কারের পরিমাণ আরও বৃদ্ধি করার আহ্বান জানানো হয়, যাতে পুলিশ সদস্যদের মধ্যে দায়িত্ব পালনে উৎসাহ ও প্রতিযোগিতামূলক মনোভাব আরও বৃদ্ধি পায়।
সভায় পুলিশ সুপার বলেন, ভালো কাজের স্বীকৃতি একজন পুলিশ সদস্যকে আরও দায়িত্বশীল ও উৎসাহিত করে। জনগণের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পুলিশের ভাবমূর্তি উন্নয়নে যারা আন্তরিকভাবে কাজ করছেন, তাদের যথাযথভাবে মূল্যায়ন করা হবে। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) কামরুজ্জামানসহ জেলার বিভিন্ন সার্কেলের কর্মকর্তারা এবং থানার অফিসার ইনচার্জবৃন্দ।

আপনার মতামত লিখুন :