৭০ শতাংশ মানুষের গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখালে জনগণ আপনাদের লাল কার্ড দেখিয়ে দেবে’—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। বুধবার (৭ অক্টোবর) বিকেলে নড়াইলের লোহাগড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, একই দিনে এবং একই নির্বাচন কমিশনের অধীনে দুটি ভোট অনুষ্ঠিত হয়েছে। ৫০ শতাংশ ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। কিন্তু ৭০ শতাংশ ভোটে গণভোটের যে রায় এসেছে, তা এখনও বাস্তবায়ন করা হয়নি। গণভোটের রায় যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকারও অবৈধ।
তিনি আরও বলেন, ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে ৮০ বার বৈঠকের মাধ্যমে জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু সেই সনদের রায় এখনও কার্যকর করা হয়নি। ক্ষমতা কুক্ষিগত করার জন্য প্রধানমন্ত্রীর হাতে সবকিছু রাখা হয়েছে এবং রাষ্ট্রপতিকে ‘কাঠের পুতুল’ হিসেবে বসিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে মামুনুল হক বলেন, ওই আন্দোলনে প্রায় ১ হাজার ৫০০ যুবক নিহত হয়েছেন এবং কয়েক হাজার মানুষ আহত হয়ে এখনও চিকিৎসাধীন। তাদের দাবি ছিল মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া এবং কোটা প্রথা বাতিল করা। কিন্তু সরকার এখনও এসব দাবি বাস্তবায়ন করেনি বলে তিনি অভিযোগ করেন।
বর্তমান সরকারকে সমালোচনা করে তিনি বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের মতো বর্তমান সরকারও পুলিশ লীগ, ছাত্রলীগ তৈরি করছে।’ বিদ্যুৎ, গ্যাস, তেল ও সারের কৃত্রিম সংকট তৈরি করে সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের অভিযোগও করেন তিনি। তার দাবি, এসব পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হলে তখন আর সংকট থাকে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের স্বার্থে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। সমাবেশে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, সংবিধান সংশোধন করে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলুন’ এবং ‘ধর্ম-বর্ণ-ভিন্নমত সবার জন্য খেলাফত’ এই স্লোগানকে সামনে রেখে নাগরিক সমাবেশটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা মহসিনুদ্দীনের সভাপতিত্বে সমাবেশে মাওলানা শাফায়াত হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ কাসেমী, শূরা সদস্য মুফতি আব্দুর রহমান, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি ফারুক হাসান নদভী, উপদেষ্টা মুফতি শুয়াইব ইব্রাহীম, যশোর জেলা শাখার সভাপতি মাওলানা বেলায়েত হোসাইন, মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা মনিরুজ্জামান, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশে আল্লামা মামুনুল হকের হাতে ফুল দিয়ে শতাধিক মানুষ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন। পরে লোহাগড়া পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মুফতি দিদার হোসাইনের নাম ঘোষণা করেন মামুনুল হক। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি পদে দলের মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন :