ঘুসে অভিযুক্ত ইইডি প্রকৌশলীকে ঢাকায় ফেরাতে প্রতিমন্ত্রী-এমপির ডিও!

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬, ১০:২০ এএম

ঘুসে অভিযুক্ত ইইডি প্রকৌশলীকে ঢাকায় ফেরাতে প্রতিমন্ত্রী-এমপির ডিও!

ফাইল ফটো

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) ঢাকা মেট্রো কার্যালয়ে সহকারী প্রকৌশলী ছিলেন মো. মনিরুজ্জামান মনি। কাজ পাইয়ে দিতে ঠিকাদারের কাছ থেকে ঘুস নেওয়ার অভিযোগে তাকে ঢাকা থেকে 'শাস্তিমূলক' বদলি করে পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়ায়। কিন্তু সেখানে যেতে শুরু থেকেই গড়িমসি করেন মনি। বাধ্য হয়ে ব্রাহ্মণবাড়িয়ায় 'নামমাত্র' যোগদান করলেও ঢাকায় ফিরতে মরিয়া হয়ে উঠেছেন তিনি।

তদবির করে ঢাকায় 'লাভজনক' পদ বাগিয়ে নিতে এবার একজন প্রতিমন্ত্রী ও একজন সংসদ সদস্যের ডিও লেটার (আধা-সরকারি পত্র) সংগ্রহ করেছেন তিনি। তাতে বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ সদস্য মনিরুজ্জামান মনিকে 'বিএনপিপন্থি' বলে উল্লেখ করেছেন ওই প্রতিমন্ত্রী ও এমপি। পাশাপাশি দুজনের ডিও লেটারের ভাষাও হুবহু একই। এ নিয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে চলছে নানা আলোচনা-সমালোচনা।

অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, মনিরুজ্জামান মনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। চাকরিতে যোগ দিয়েও তিনি বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের মাধ্যমে আওয়ামী লীগপন্থিতে রাজনীতিতে সক্রিয় ছিলেন। অথচ তাকে পারিবারিকভাবে বিএনপিপন্থি উল্লেখ করে প্রতিমন্ত্রী ও এমপি ডিও লেটার দিয়েছেন, যা জমা দিয়ে ঢাকায় পদায়ন পেতে দৌড়ঝাঁপ করছেন মনিরুজ্জামান।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৩০ জুলাই মনিরুজ্জামান মনিকে ইইডির ঢাকা মেট্রো থেকে ব্রাহ্মণবাড়িয়ায় বদলি করা হয়। মূলত ঘুসগ্রহণের অভিযোগে তাকে শাস্তিমূলক বদলি করা হয়। বদলির পর তিনি ডেঙ্গু আক্রান্ত জানিয়ে এক মাসেরও বেশি সময় নতুন কর্মস্থলে যোগদানে গড়িমসি করেন।

পরে বাধ্য হয়ে আগস্টের শেষদিকে যোগদান করলেও মনিরুজ্জামান মনি সেখানে নিয়মিত অফিস না করে ঢাকায় অবস্থান করছেন বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে বদলির মাত্র একমাসের মাথায় ফের ঢাকায় ফিরতে দৌড়ঝাঁপ শুরু করেন তিনি। টার্গেট পূরণে তিনি তদবির করে প্রতিমন্ত্রী ও এমপিরও ডিও লেটার সংগ্রহ করেছেন। ডিও লেটার নিতেও মোটা অংকের অর্থ ঢেলেছেন বলে অভিযোগ রয়েছে।

প্রতিমন্ত্রী ও এমপির ডিও লেটারে যা আছে

সহকারী প্রকৌশলীকে ঢাকায় ফেরাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেককে ডিও লেটার দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু। দুজনই হুবহু একই ভাষায় ডিও লেটার লিখেছেন।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও এমপি ইকরামুল বারী টিপুর ডিও লেটার দুটির কপি জাগো নিউজের হাতে এসেছে। ববি হাজ্জাজ ডিও লেটার দিয়েছেন ৩ সেপ্টেম্বর এবং ইকরামুল বারী টিপু ডিও লেটারে সই করেছেন ১২ সেপ্টেম্বর।

ডিও লেটারে উল্লেখ করা হয়, 'মো. মনিরুজ্জামান মনি, সহকারী প্রকৌশলী, ইইডি, ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত। সে একজন সৎ ও দক্ষ প্রকৌশলী। আমি তাকে ও তার পরিবারকে ব্যক্তিগতভাবে চিনি ও জানি। সে এবং তার পরিবার জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী।'

এতে আরও বলা হয়, 'সরকারি দায়িত্ব পালনকালে একটি নির্মাণাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের সাইট পরিদর্শনের সময় অসুস্থ হয়ে পড়ে গিয়ে মাথা ফেটে যায় এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। বর্তমানে ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা ও নিয়মিত ফলোআপ চলমান। তার শারীরিক ও পারিবারিক বাস্তবতার জন্য সে বর্তমান কর্মস্থল থেকে ঢাকা মেট্রোতে বদলি হতে ইচ্ছুক। তার বদলির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে জোর সুপারিশ করা হলো।'

বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জাগো নিউজকে বলেন, 'অনেককে তো ডিও লেটার দেওয়া হয়। ওই প্রকৌশলীকে বদলির জন্য কবে দিয়েছি, ঠিক মনে পড়ছে না। তবে সই-স্বাক্ষর যদি ঠিক থাকে, তাহলে হয়তো দিয়েছি।'

ডিও লেটার নেওয়া মনিরুজ্জামান মনির ঘুসগ্রহণের অভিযোগ ও বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকার বিষয়টি দৃষ্টিগোচর করা হলে প্রতিমন্ত্রী বলেন, 'বিষয়টি জানা নেই। যদি কেউ তথ্য লুকিয়ে ডিও লেটার নিয়ে থাকেন এবং তিনি বিতর্কিত হন, তাহলে ব্যবস্থা নেবো।'

তবে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর বক্তব্য পাওয়া যায়নি। মোবাইল ফোনে তার নম্বরে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। পরে এসএমএস দিয়েও তার সাড়া মেলেনি।

'অসুস্থতাকে' ঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ

প্রতিমন্ত্রী ও এমপি দুজনই ডিও লেটারে উল্লেখ করেছেন যে, 'নির্মাণাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের সাইট পরিদর্শনের সময় অসুস্থ হয়ে পড়ে গিয়ে মাথা ফেটে যায় এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়'। তবে খোঁজ নিয়ে জানা গেছে ভিন্নতথ্য।

জানা যায়, ২০২৪ সালের ২৯ এপ্রিল ঢাকার গণভবন সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে প্রচণ্ড গরমে তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হন। ওইদিনই তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে সিটিস্ক্যান করা হয়। তাতে সব রিপোর্ট স্বাভাবিক আসে। এ নিয়ে ঢাকা মেট্রো সার্কেলের তৎকালীন নির্বাহী প্রকৌশলী জাহেদুল করীম ফেসবুকে একটি পোস্টও দেন। তাতে এ বিষয়গুলো উল্লেখ করেন তিনি।

ইইডির কর্মকর্তাদের অভিযোগ, শাস্তিমূলক বদলির মাত্র একমাসের মাথায় ঢাকায় ফিরতে প্রায় আড়াই বছর আগে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হওয়ার বিষয়টিকে ঢাল হিসেবে ব্যবহার করছেন মনিরুজ্জামান মনি। প্রকৃতপক্ষে তিনি এখন পরিপূর্ণ সুস্থ।

বিষয়টি নিয়ে জানতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

প্রকৌশলী মনিরুজ্জামানের বিরুদ্ধে যত অভিযোগ

ঢাকার বাড্ডার রহিমুল্লাহ মোল্লা মাদরাসার উন্নয়নকাজের টেন্ডার পাইয়ে দিতে দুই ঠিকাদারের কাছ থেকে ঘুসগ্রহণের অভিযোগ ওঠে মনিরুজ্জামানের বিরুদ্ধে। একজনের কাছ থেকে ছয় লাখ টাকা নিলেও পরে আরেকজন আট লাখ টাকা দেওয়ায় তাকে কাজ পাইয়ে দেন তিনি।

গত ১৩ আগস্ট ঘুস দিয়েও কাজ না পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান ক্লাস ওয়ান ট্রেডার্স ইইডির প্রধান প্রকৌশলীকে এ নিয়ে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগ আমলে নিয়ে তা তদন্তের নির্দেশও দেন প্রধান প্রকৌশলী। তবে অদৃশ্য কারণে সেই তদন্ত থমকে যায়। ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গেও 'আপস মীমাংসা' করে লিখিত অভিযোগ তুলে নিতে বাধ্য করেন।

এদিকে, ঘুসকাণ্ডে আলোচিত মনিরুজ্জামান মনি বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সদস্য ছিলেন। ২০২৩ সালে তিনি আওয়ামী লীগপন্থি হওয়ায় ঢাকা মেট্রো কার্যালয়ে সহকারী প্রকৌশলীর মতো গুরুত্বপূর্ণ পদে পদায়ন পান। সেখানে যোগদানের পর থেকেই আওয়ামী লীগ-বলয়ে প্রভাব খাঁটিয়ে ঘুসবাণিজ্য করে আসছেন বলে অভিযোগ রয়েছে। অথচ ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের পরও অদৃশ্য কারণে ঢাকা মেট্রো সার্কেলের মতো গুরুত্বপূর্ণ পদে থেকে যান তিনি।

অধিদপ্তরের কর্মকর্তাদের অভিযোগ, মনিরুজ্জামান যখন ঢাকা মেট্রো কার্যালয়ে পদায়ন পান, সে সময় সেখানে নির্বাহী প্রকৌশলী ছিলেন বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ইইডি শাখার সদস্যসচিব জাহেদুল করীম। বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের এ দুই নেতা সিন্ডিকেট করে বিভিন্ন ঠিকাদারকে কাজ পাইয়ে দিতেন। বিনিময়ে নিতেন বড় অংকের ঘুস। প্রধান কার্যালয়েও তাদের সিন্ডিকেট অনেক শক্তিশালী হওয়ায় অভিযোগ থাকা সত্ত্বেও দেদারসে পার পেয়ে যেতেন।

অভিযোগ রয়েছে, জাহেদুল করীমের পর ঢাকা মেট্রো সার্কেলে নির্বাহী প্রকৌশলী হন বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের আরেক নেতা মুজাহিদুল ইসলাম আলিফ। তবে আলিফের চেয়েও ক্ষমতাধর ছিলেন মনিরুজ্জামান মনি। প্রধান কার্যালয়ের দুজন তত্ত্বাবধায়ক প্রকৌশলীর আশীর্বাদে তিনি নির্বাহী প্রকৌশলীকে এড়িয়ে ঠিকাদারদের সঙ্গে বিভিন্ন লেনদেন করতেন।

এসব অভিযোগে ৩০ জুলাই তাকে ব্রাহ্মণবাড়িয়ায় বদলি করা হয়। তবে উল্টো বদলির আদেশ বাতিল করিয়ে ফের ঢাকা মেট্রো অথবা প্রধান কার্যালয়ে ফিরতে মনিরুজ্জামান তদবির শুরু করেন। তাতে ব্যর্থ হয়ে এখন প্রতিমন্ত্রী ও এমপির ডিও লেটার নিয়ে ঢাকায় ফিরতে মরিয়া তিনি।

যা বলছেন ইইডির প্রধান প্রকৌশলী ও শিক্ষাসচিব

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তারেক আনোয়ার জাহেদী জাগো নিউজকে বলেন, 'বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় দেখে থাকে। তিনি (মনিরুজ্জাামন) যদি ডিও লেটার নিয়ে আসেন, তা বিবেচনা করবে শিক্ষা মন্ত্রণালয়। তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটাও বিবেচনা করবে। এখানে ইইডির কোনো হাত নেই।'

জানতে চাইলে শিক্ষাসচিব আবদুল খালেক জাগো নিউজকে বলেন, 'জনপ্রতিনিধিরা (এমপি-মন্ত্রী) কারও ব্যাপারে ডিও লেটার দিতে পারেন। এটা প্রচলিত রয়েছে। যার ব্যাপারে ডিও লেটার আসে, তার কেস হিস্ট্রি দেখা হয়। কেন তাকে বদলি করা হয়েছিল, তা দেখা হয়। বিতর্কিত কারও নামে ডিও লেটার আসলে, তা বিবেচনায় নাও নেওয়া হতে পারে। আমরা বিষয়টি যাচাই করে দেখবো।'

Link copied!