বন প্রকল্পে দেড় কোটি টাকা আত্মসাত, দায়ীদের তালিকা নিয়ে উম্মে হাবিবার লুকোচুরি

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬, ১০:৩০ এএম

বন প্রকল্পে দেড় কোটি টাকা আত্মসাত, দায়ীদের তালিকা নিয়ে উম্মে হাবিবার লুকোচুরি

ফাইল ফটো

বন অধিদপ্তরের ‘সুফল (টেকসই বন ও জীবিকা)’ প্রকল্পে সরকারি নির্দেশনা অনুযায়ী বাগান সৃজন না করে বরাদ্দের দেড় কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে বন বিভাগের একটি চক্রের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, প্রকল্পের অর্থ আত্মসাতের বিষয়টি গত এক বছর ধরে বন বিভাগের সংশ্লিষ্ট মহলে ‘ওপেন সিক্রেট’ হলেও এ বিষয়ে কার্যকর তদন্ত বা দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযোগের কেন্দ্রে থাকা সাদেকুর রহমানকে শাস্তির আওতায় আনার পরিবর্তে সম্প্রতি ডেপুটি রেঞ্জার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। শুধু পদোন্নতিই নয়, তাকে বন বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় পোস্টিং হিসেবে পরিচিত কক্সবাজারের ফাঁসিয়াখালী রেঞ্জে দায়িত্ব দেওয়া হলে পরবর্তীতে সুন্দরবনে বদলি করা হয়।

২০২৫ সালের ২৬ নভেম্বর পরিবীক্ষণ ও মূল্যায়ন ইউনিটের উপবন সংরক্ষক উম্মে হাবিবা চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলামের কাছে একটি চিঠি দেন। চিঠিতে চট্টগ্রাম উত্তর বন বিভাগের কুমিরা রেঞ্জে ৭০ ও ১০ হেক্টরের দুটি বাগান সৃজনে ব্যর্থতার সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের দায়-দায়িত্ব নির্ধারণ করে দায়ী কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকা সংশ্লিষ্ট বন সংরক্ষকের মাধ্যমে পত্র প্রাপ্তির সাত দিনের মধ্যে তার দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।

তবে অভিযোগ রয়েছে, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও চট্টগ্রাম বন সংরক্ষকের দপ্তর থেকে উম্মে হাবিবার দপ্তরে ওই তালিকা পাঠানো হয়নি। শফিকুল ইসলাম বর্তমানে অবসরকালীন ছুটিতে আছেন। 

এর আগে ২০২৫ সালের ২২ এপ্রিল দেওয়া আরেক চিঠিতে উম্মে হাবিবা কুমিরা রেঞ্জের বাগান সৃজনের অগ্রগতি নিয়ে গুরুতর অসংগতির কথা উল্লেখ করেন।

চিঠি অনুযায়ী, সুফল প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে কুমিরা রেঞ্জের কুমিরা বিটে ১৭০ হেক্টর দ্রুত বর্ধনশীল বাগানের প্রথম জরিপ হয় ২০২৪ সালের ১৫ ডিসেম্বর। জরিপে দেখা যায়, ওই বাগানে জীবিত চারাগাছের হার মাত্র ৬০ দশমিক ২০ শতাংশ। অথচ সেখানে জীবিত চারাগাছ থাকার কথা কমপক্ষে ৮০ শতাংশ।

একই রেঞ্জের ১০ হেক্টরের আরেকটি দ্রুত বর্ধনশীল বাগানে জীবিত চারাগাছের হার পাওয়া যায় মাত্র ৫০ দশমিক ৪০ শতাংশ। ফলে বাগান দুটিতে জীবিত চারাগাছের হার সন্তোষজনক নয় বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এ ছাড়া বাগানে চারাগাছের সংখ্যা শতভাগ নিশ্চিত করে পরিবীক্ষণ ও মূল্যায়ন ইউনিটকে অবহিত করার জন্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।

অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ‘প্রাইজ পোস্টিং’

বন বিভাগের সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, কুমিরা রেঞ্জে বাগান সৃজনের নামে প্রকল্পের অর্থ আত্মসাতের ঘটনায় ডেপুটি রেঞ্জার সাদেকুর রহমান, উপবন সংরক্ষক এস এম কায়চার (ডিসিএফ) এবং সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীনসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সাদেকুর রহমান তিনিও অবসরকালীন ছুটিতে আছে। 

সূত্রের অভিযোগ, বাগান সৃজনের নামে বরাদ্দের অর্থ উত্তোলনের পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি করা হয়। তাদের মধ্যে কয়েকজনকে গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় দায়িত্ব দেওয়ায় প্রশ্ন উঠেছে অভিযোগের তদন্ত ও দায় নির্ধারণের আগেই কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পদোন্নতি বা গুরুত্বপূর্ণ পোস্টিং দেওয়া হলো?

বিশেষ করে সাদেকুর রহমানের পদোন্নতি ও কক্সবাজারের ফাঁসিয়াখালী রেঞ্জে দায়িত্ব পাওয়া নিয়ে বন বিভাগের অভ্যন্তরে নানা আলোচনা চলছিল। 

তালিকা চাওয়া হয়েছে ‘আড়ালে’, অভিযোগ বন বিভাগেরই

বন বিভাগের একটি সূত্রের দাবি, চট্টগ্রাম অঞ্চল বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিমের মাধ্যমে অভিযুক্তদের নামের তালিকা চাওয়ায় বিষয়টি দীর্ঘসূত্রতায় পড়ার সুযোগ তৈরি হয়েছে। মোল্লা রেজাউল করিম বর্তমানে বরিশাল অঞ্চলে কর্মরত।  অভিযোগ রয়েছে, এভাবে তালিকাটি একাধিক দপ্তরের ফাইলে আটকে থাকার সুযোগ সৃষ্টি হয়েছে।

এ ছাড়া পরিবীক্ষণ ও মূল্যায়ন ইউনিটকে কোটি টাকা দিয়ে ‘ম্যানেজ’ করে প্রকল্পের অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে এমন প্রচারণাও বন বিভাগের বিভিন্ন মহলে রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বর্তমানে (অব) বলেন, তিনি অভিযুক্তদের নামের তালিকা চট্টগ্রাম অঞ্চল বন সংরক্ষকের দপ্তরে পাঠিয়েছেন।

তবে মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুর পর্যন্ত বন সংরক্ষকের দপ্তরে ওই চিঠি পৌঁছানোর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে পরিবীক্ষণ ও মূল্যায়ন ইউনিটের উপবন সংরক্ষক উম্মে হাবিবা বলেন, চট্টগ্রাম অঞ্চল বন সংরক্ষক চিঠি আটকে রাখবেন এমন সুযোগ নেই। অভিযুক্তদের নামের তালিকা না পেলে তিনি পুনরায় চিঠি দেবেন।

সরাসরি চট্টগ্রাম উত্তর বিভাগীয় বন কর্মকর্তার কাছে অভিযুক্তদের নামের তালিকা না চেয়ে বন সংরক্ষকের মাধ্যমে কেন চাওয়া হয়েছে এতে তালিকাটি ফাইলবন্দি হয়ে থাকার সুযোগ তৈরি হয়েছে কি না, জানতে চাইলে উম্মে হাবিবা বলেন, “নামের তালিকা দিতেই হবে। এটি লুকানোর কোনো সুযোগ নেই।”

অভিযুক্তরা তাকে ‘ম্যানেজ’ করেছে বন বিভাগে এমন প্রচারণা রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, “আমাকে ম্যানেজ করার কোনো সুযোগ নেই। এমন অভিযোগ সঠিক নয়।”

সুফল প্রকল্পের বাগান সৃজনের নামে বরাদ্দকৃত অর্থের ব্যবহার, মাঠপর্যায়ে বাগানের বাস্তব অবস্থা, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়-দায়িত্ব এবং পরবর্তী সময়ে তাদের পদায়ন—সবকিছু মিলিয়ে বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।

Link copied!