রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে পাঁচ শিশুসহ নিহত ২৮

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬, ১১:৩৫ এএম

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে পাঁচ শিশুসহ নিহত ২৮

ফাইল ফটো

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে উত্তরাঞ্চলীয় চেরনিহিভ প্রদেশের প্রিলুকি জেলায়, যেখানে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ঘুমন্ত অবস্থায় কয়েকজনের মৃত্যু হয়।

বুধবার (৭ অক্টোবর) ভোরে প্রিলুকির একটি পাঁচতলা অ্যাপার্টমেন্ট ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। বিস্ফোরণের তীব্রতায় ভবনটির বড় একটি অংশ ধ্বংস হয়ে যায়। জানালার কাচ ছিটকে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন বহু মানুষ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, নিহত শিশুদের মধ্যে তিনজনের বয়স মাত্র এক বছর এবং আরেকজনের বয়স আট বছর। পরে সন্ধ্যায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, শুধু প্রিলুকির ওই আবাসিক ভবনেই ২০ জন নিহত হয়েছেন। এ হামলায় বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজন শিশু রয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। হামলার পর রাশিয়াকে বেসামরিক মানুষ ও আবাসিক এলাকায় ইচ্ছাকৃতভাবে হামলা চালানোর অভিযোগ করেন জেলেনস্কি। তাঁর ভাষ্য, ইউক্রেনের জনগণ ও শিশুদের বিরুদ্ধে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা সন্ত্রাস সৃষ্টির পরিকল্পিত প্রচেষ্টার অংশ।

 

হামলার ভয়াবহতা তুলে ধরে স্থানীয় বাসিন্দা ওলেনা সায়ুন এএফপিকে বলেন, বিস্ফোরণের সময় তারা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ জানালার কাচ উড়ে যায়। সন্তানকে শরীর দিয়ে আড়াল করতে গিয়ে তিনি ও তাঁর স্বামী আহত হন। আতঙ্কে শিশুটিও প্রচণ্ড ভয় পেয়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে প্রিলুকিতে হামলা শুরু হয়। এর আগে মঙ্গলবার জেলেনস্কি রাশিয়ার সম্ভাব্য বড় ধরনের হামলার বিষয়ে সতর্ক করেছিলেন। জ্বালানি অবকাঠামোও হামলার লক্ষ্য হতে পারে বলে তিনি জানিয়েছিলেন।

ইউক্রেনের বিমান বাহিনী জানায়, বুধবার দিনিপ্রোপেত্রোভস্ক, কিয়েভ, খারকিভ ও পোলতাভাসহ বিভিন্ন অঞ্চলে অন্তত ৫০টি ক্ষেপণাস্ত্র ও ১৩০টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা সম্ভব হলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

এদিকে শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে হামলার মাত্রা বাড়ায় কিয়েভসহ বিভিন্ন শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠার পর অনেক বাসিন্দা প্রয়োজনীয় জিনিসপত্র, কম্বল ও মাদুর নিয়ে সাবওয়ে স্টেশনে আশ্রয় নিচ্ছেন। প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধের মধ্যে এই হামলাকে অন্যতম ভয়াবহ বলে উল্লেখ করেছেন জেলেনস্কি। তিনি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে নতুন সরঞ্জামের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

Link copied!