অপরাধীদের বিরুদ্ধে ওসির ‘অ্যাকশন’ ৪০ দিনে টঙ্গী পূর্ব থানায় গ্রেপ্তার ৪১৯।

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬, ০২:৩৫ পিএম

অপরাধীদের বিরুদ্ধে ওসির ‘অ্যাকশন’ ৪০ দিনে টঙ্গী পূর্ব থানায় গ্রেপ্তার ৪১৯।

ইমরান সরকার , টঙ্গী : গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় অপরাধ দমনে ধারাবাহিক অভিযান চালিয়ে গত ৪০ দিনে বিভিন্ন মামলায় ৪১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ছিনতাই মামলায় ৫৮ জন, মাদক মামলায় ৩৬ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১৪২ জন এবং অন্যান্য মামলায় ১৮৩ জন রয়েছেন। একই সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলমের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে ছিনতাই, মাদক কারবার ও বিভিন্ন অপরাধে জড়িতদের পাশাপাশি দীর্ঘদিন ধরে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে গুরুত্ব দেওয়া হচ্ছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ৪০ দিনে ছিনতাই মামলায় ৫৮ জন, মাদক মামলায় ৩৬ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১৪২ জন এবং অন্যান্য মামলায় ১৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা ৪১৯ জন। অভিযান চলাকালে ৫৭২ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ১৮ কেজি গাঁজা, ২২ গ্রাম হেরোইন ও ১৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বেশ কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। টঙ্গী একটি ঘনবসতিপূর্ণ ও শিল্পাঞ্চল হওয়ায় ছিনতাই, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে বিশেষ অভিযানও পরিচালনা করছে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ওসি মাকছুদুল আলম বলেন, “অপরাধী যত শক্তিশালী বা প্রভাবশালীই হোক না কেন, অপরাধ করে কেউ পার পাবে না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, অপরাধ দমনে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। ছিনতাই প্রতিরোধ, মাদক কারবার বন্ধ এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে। আত্মগোপনে থাকা অপরাধীদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

পুলিশের ধারাবাহিক অভিযানের কারণে অপরাধে জড়িত অনেকেই আত্মগোপনে রয়েছে বলে জানা গেছে। তবে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, নিয়মিত অভিযান, টহল ও নজরদারি অব্যাহত থাকলে টঙ্গী পূর্ব থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে তা ভূমিকা রাখবে। একই সঙ্গে অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতিও আহ্বান জানানো হয়েছে।

সিয়াম সরিষা
Link copied!