জামাল উদ্দিন খান, ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ পারভেজের বিরুদ্ধে অপহরণ, মারধর ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা দায়েরের পর ঘটনাটি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। পুলিশের একটি প্রতিবেদন ও স্থানীয় একটি সূত্রে দাবি করা হয়েছে, মামলার অভিযোগের সঙ্গে এসআই নাহিদ পারভেজের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। একই সঙ্গে স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও পুলিশের পক্ষ থেকে মামলার বাদী নাজমুল হকের পরিবারের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগও পেয়েছে। যাহা তদন্তধীন।
বিশ্বস্ত সূত্র ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দাবি, মামলার বাদী নাজমুল হকের বাবা জামাল উদ্দিনের বিরুদ্ধে ত্রিশাল থানার সিআর মামলা নং-৩১২/২৫-এ দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ওই পরোয়ানার ভিত্তিতে তিনি গ্রেপ্তার হয়ে বর্তমানে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
একই মামলায় নাজমুলের ভাই উৎপল মিয়া ও উজ্জ্বল আহমেদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং তারা পলাতক বলে একটি সূত্র দাবি করেছে। সূত্রগুলো আরও দাবি করে, নাজমুলের বাবা ও ভাইদের কাছে স্থানীয় বিভিন্ন ব্যক্তির টাকা পাওনা রয়েছে। এসব পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাদের বাড়িতে বিভিন্ন সময় পাওনাদারদের যাতায়াত ছিল। এ সময় তাদের বিরুদ্ধে নানা ঘটনা সাজানো হয়।
এ ছাড়া আজিজুল ইসলাম নামে এক ব্যক্তি অভিযোগ করেছেন, নাজমুলের পরিবারের কয়েকজন সদস্য বিদেশে পাঠানোর কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা গ্রহণ করেছেন। পরে তারা পলাতক রয়েছেন। ত্রিশাল থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ওই পরিবারের সদস্যদের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
অন্যদিকে, নাজমুল হকের পরিবারের পক্ষ থেকে এসআই নাহিদ পারভেজসহ কয়েকজনের বিরুদ্ধে তাকে অপহরণ, মারধর এবং ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে। আদালতের নির্দেশে এ ঘটনায় ত্রিশাল থানায় মামলা নথিভুক্ত করা হয়।
তবে অনুসন্ধানে জানাগেছে, নাজমুল হকের করা মামলার অভিযোগের সঙ্গে এসআই নাহিদ পারভেজের সম্পৃক্ততার কোনো প্রমাণ পর্যালোচনায় পাওয়া যায়নি। থানার সাধারণ ডায়েরি (জিডি), নাজমুলের করা অভিযোগ, মামলার কাগজপত্র, পত্রিকার কপি ও ভয়েস রেকর্ডিংসহ বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে ওই ঘটনার সঙ্গে এসআই নাহিদের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে একটি সূত্র জানিয়েছে।
একটি সূত্র জানায়, ত্রিশাল থানার রেজিস্টার পর্যালোচনা করেও নাজমুল হক থানায় কোনো লিখিত অভিযোগ করেছেন এমন তথ্য পাওয়া যায়নি। এমনকি তিনি মৌখিকভাবেও বিষয়টি থানার কোনো কর্মকর্তাকে জানিয়েছিলেন কি না, তারও কোনো রেকর্ড পাওয়া যায়নি । এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদ বলেন, “বিষয়টি আদালতে বিচারাধীন। এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।”

আপনার মতামত লিখুন :