চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছরা বাজার এলাকা থেকে পাচারের উদ্দেশ্যে রাখা ৮টি দেশীয় টিয়া পাখি উদ্ধার করেছে বন বিভাগ। পরে উদ্ধারকৃত পাখিগুলো মহামায়া ইকো-পার্কে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে মিঠাছরা বাস স্টেশনের পূর্ব পাশে অভিযান চালিয়ে এসব পাখি উদ্ধার করা হয়। বিভাগীয় বন কর্মকর্তা (চট্টগ্রাম উত্তর বন বিভাগ)-এর সার্বিক দিকনির্দেশনায় এবং মিরসরাই রেঞ্জ কর্মকর্তার সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মিঠাছরা বাজার এলাকায় পাচারকারীদের জিম্মায় থাকা পাখিগুলোর অবস্থান জানতে পেরে গোবানিয়া বিট কর্মকর্তা আল-আমিন এবং জোরারগঞ্জ বিট কর্মকর্তা হাসানুজ্জামান সঙ্গীয় স্টাফদের নিয়ে তাৎক্ষণিক অভিযান চালান। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা খাঁচাবন্দি টিয়া পাখিগুলো রেখে পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধার হওয়া ৮টি টিয়া পাখিকে মহামায়া ইকো-পার্কের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।
উদ্ধার অভিযানের বিষয়ে গোবানিয়া বিট কর্মকর্তা আল-আমিন বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি একটি সংঘবদ্ধ চক্র মিঠাছরা বাজার এলাকা দিয়ে খাঁচাবন্দি টিয়া পাখি পাচারের অপচেষ্টা করছে। সংবাদের সত্যতা পেয়ে জোরারগঞ্জ বিট কর্মকর্তাসহ আমরা দ্রুত অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করতে সক্ষম হই। তবে আমাদের উপস্থিতি টের পেয়ে জড়িতরা সটকে পড়ে। বন্যপ্রাণী সংরক্ষণে আমাদের এই ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।"
মিরসরাই রেঞ্জ কর্মকর্তা বলেন, "বন্যপ্রাণী ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আইন অনুযায়ী বন্যপ্রাণী ধরা, কেনাবেচা বা পাচার করা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। উদ্ধার করা ৮টি টিয়া পাখিকে সুস্থ অবস্থায় মহামায়া ইকো-পার্কে অবমুক্ত করা হয়েছে। কোনো চক্র যেন বন্যপ্রাণী পাচারের মতো অপরাধ সংঘটিত করতে না পারে, সেজন্য আমাদের নজরদারি আরও জোরদার করা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় সচেতন নাগরিকদেরও তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান বন বিভাগের এই দুই কর্মকর্তা

আপনার মতামত লিখুন :