নিরাপত্তার ফাঁক গলে আতাতুর্ক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

মোঃশামসুউদ্দিন জাফর , দাগনভূঞা প্রতিনিধি

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬, ০৫:৪৪ পিএম

নিরাপত্তার ফাঁক গলে আতাতুর্ক  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

ফাইল ফটো

ফেনীর দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী আতাতুর্ক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের আঁধারে একটি দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বিদ্যালয়ের বিভিন্ন আলমারির লকার ও কক্ষের তালা ভেঙে ল্যাপটপ, কম্পিউটার, সিসি ক্যামেরার ডিভিআর, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং নগদ টাকাসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে। প্রতিদিনের মতো আজও সকালে বিদ্যালয় খোলার সময় প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা দেখতে পান অফিস কক্ষসহ তিনটি রুমের দরজা ও আলমারির তালা ভাঙা। ভেতরে প্রবেশ করে তারা দেখতে পান চারদিকে ফাইলপত্র ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।

​প্রাথমিক তথ্য অনুযায়ী, বিদ্যালয় থেকে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, অফিশিয়াল গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং ক্যাশ বাক্সে থাকা নগদ অর্থ চুরি হয়েছে। অপরাধের আলামত মুছে ফেলতে এবং নিজেদের পরিচয় গোপন রাখতে চোরেরা অত্যন্ত চতুরতার সাথে সিসি ক্যামেরার মূল যন্ত্র ডিভিআর (DVR)-টি খুলে নেয় এবং বেশ কিছু ক্যামেরাও নিয়ে যায়।​শিক্ষাপ্রতিষ্ঠানের মতো একটি সংবেদনশীল জায়গায় এমন চুরির ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী দ্রুত এই চোর চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া সরকারি মালামাল উদ্ধারের জোর দাবি জানিয়েছেন। ​এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে দাগনভূঞা থানায় একটি লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দাগনভূঞা থানার পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের গ্রেফতারে জোর অভিযান চলছে।

সিয়াম সরিষা
Link copied!