চাঁদপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকাল ৮টায় চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেড কমান্ডার পুলিশ পরিদর্শক (সশস্ত্র) ছাইদুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত কন্টিনজেন্ট এবং ব্যান্ডদল সুশৃঙ্খলভাবে প্যারেডে অংশগ্রহণ করে। এ সময় চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান প্যারেড পরিদর্শন করেন এবং প্যারেডে অংশগ্রহণকারী সদস্যদের অভিবাদন গ্রহণ করেন। প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, পোশাক-পরিচ্ছদ ও সার্বিক টার্ন আউট পর্যবেক্ষণ করেন। দায়িত্ব পালনে দক্ষতা ও শৃঙ্খলাবোধের স্বীকৃতি হিসেবে প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের পারফরম্যান্সের ভিত্তিতে তিনি জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
প্যারেড শেষে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান চাঁদপুর পুলিশ লাইন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও শাখা পরিদর্শন করেন। এর মধ্যে জেলা পুলিশের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর, যানবাহন শাখা, সি-স্টোর, পুলিশ হাসপাতাল, ফোর্সের মেস ও ব্যারাক পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে পুলিশ সদস্যদের জন্য সংরক্ষিত রেশন, সরঞ্জাম, যানবাহন, চিকিৎসা ব্যবস্থা, আবাসন ও অন্যান্য সুযোগ-সুবিধার সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন পুলিশ সুপার। সংশ্লিষ্ট শাখার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ লাইন্স পরিদর্শন শেষে পুলিশ সুপার আরআই, পুলিশ লাইন্স, চাঁদপুরসহ সংশ্লিষ্ট দপ্তর ও শাখার ইনচার্জদের দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ কার্যক্রম পরিচালনা এবং পুলিশ সদস্যদের কল্যাণ ও পেশাগত পরিবেশ আরও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরে পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, আইনশৃঙ্খলা রক্ষায় আরও সক্রিয় ভূমিকা এবং পুলিশের সুনাম অক্ষুণ্ন রেখে দায়িত্ব পালনের জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পুলিশের প্রতিটি সদস্যকে দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় আইনানুগভাবে দায়িত্ব পালন এবং যেকোনো পরিস্থিতিতে দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করতে হবে।
মাস্টার প্যারেড ও পরিদর্শন কার্যক্রমে নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চাঁদপুর; মোঃ খায়রুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁদপুর; মোঃ জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল); মোঃ আব্দুল হাই চৌধুরী, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল), চাঁদপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাস্টার প্যারেডের মাধ্যমে জেলা পুলিশের সদস্যদের শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত প্রস্তুতি যাচাইয়ের পাশাপাশি দায়িত্ব পালনে আরও দক্ষতা ও গতিশীলতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :