ময়মনসিংহের ফুলবাড়ীয়া ইউনিয়নে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেছেন সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে আন্ধারিয়াপাড়া বাছেদ মেম্বার ডিপ টিউবওয়েল সংলগ্ন স্থানে আনুষ্ঠানিক ফলক উন্মোচন করে মোনাজাতে অংশ নেন তিনি।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। বর্ষাকালে এ রাস্তা দিয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। সড়কটি নির্মাণ হলে স্থানীয়রা উপকৃত হবেন। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জোবায়ের হোসেন জানান, সঠিক নিয়মে রাস্তাটির নির্মাণকাজ শেষ করা হবে।
সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, কোনো ভেদাভেদ না রেখে সারা উপজেলায় সমান্তরালভাবে উন্নয়ন করা হবে। এসময় তিনি ফুলবাড়ীয়াকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজী, উপজেলা উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ইয়াসিনসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭২ লাখ ৪১ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে আন্ধারিয়াপাড়া বাছেদ মেম্বার ডিপ টিউবওয়েল থেকে হুকুমচাঁদা মিজান সরকার বাড়ি পর্যন্ত ৫৩০ মিটার সড়কের পাকাকরণ কাজ করা হবে।

আপনার মতামত লিখুন :