টঙ্গীর গাজীপুরায় বাসচাপায় নারী শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

শরীফ ওমর টুটুল , গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৬, ০২:১৪ পিএম

টঙ্গীর গাজীপুরায় বাসচাপায় নারী শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় রহিমা (২৬) নামে এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে টঙ্গীর গাজীপুরা এলাকায় বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের লেনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও পোশাকশ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার কাজ শেষে বাসায় ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী ইউনাইটেড পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস রহিমাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত রহিমা ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার লামাপাড়া গ্রামের সান্দু ডাক্তারের মেয়ে। তিনি গাজীপুর মহানগরীর ৫০ নম্বর ওয়ার্ডের গাজীপুরা কাজীপাড়া এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় মাস্কো ইন্ডাস্ট্রিজে পোশাকশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ লোকজনকে সরিয়ে দিলে প্রায় আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নারীর মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

সিয়াম সরিষা
Link copied!