গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ফ্লাইওভারের নিচের গুরুত্বপূর্ণ স্থানটি এখন দখলদার ও অপরাধীদের নিয়ন্ত্রণে। দিনের বেলায় এখানে ভাসমান চৌকিতে হকারদের অস্থায়ী দোকান বসলেও অভিযোগ রয়েছে, রাজনৈতিক ছত্রছায়ায় এসব হকারের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করা হয়। উপজেলা প্রশাসনের অভিযান সত্ত্বেও ফ্লাইওভারের নিচের এই দখল বাণিজ্য থামছে না। স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় এসব স্থানে হকারি ব্যবসা চললেও রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে তা অপরাধীদের আড্ডাস্থলে পরিণত হয়।
সন্ধ্যার পর ফ্লাইওভারের নিচের কয়েকটি অংশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় সেখানে অন্ধকার ও নির্জন পরিবেশ তৈরি হয়। এই সুযোগে মাদকসেবী ও মাদক কারবারিরা সেখানে ভিড় জমায়। দূর-দূরান্ত থেকে আসা ভাসমান মাদকসেবীরা এখানে মাদক সেবন, জুয়া, ছিনতাই ও অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়। স্থানীয় বাসিন্দাদের মতে, দিনের বেলায় ব্যবসার কাজে ব্যবহৃত চা দোকানের বেঞ্চ ও চৌকিগুলো রাতে অপরাধীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়। এসব অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের ভয়ে স্থানীয়রা মুখ খুলতে সাহস পান না।
মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচের এসব অভিযোগের সত্যতা যাচাই এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। এলাকাবাসীর প্রশ্ন, জনচলাচলের গুরুত্বপূর্ণ এই স্থানে দিনের বেলায় স্থাপিত ভাসমান দোকান ও বেঞ্চ-চৌকি ব্যবহার করে কীভাবে রাতে অপরাধমূলক কর্মকাণ্ডের সুযোগ তৈরি হচ্ছে, তা দেখার যেন কেউ নেই।
উড়াল সেতুর নিচে এসব স্থাপনা বসানোর অনুমতি রয়েছে কি না এবং রাতে সেখানে কী ধরনের কর্মকাণ্ড চলছে, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। স্থানীয়দের মতে, নিয়মিত পুলিশি টহল জোরদার, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপন এবং অবৈধ স্থাপনার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে মাওনা ফ্লাইওভারের নিচের পরিবেশ নিরাপদ করা সম্ভব। অন্যথায়, মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচের এলাকাটি অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

আপনার মতামত লিখুন :