মসজিদকে দলীয় কার্যালয় বানানোর চেষ্টা করা হয়েছিল: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

আল মাহমুদ দোলন , পঞ্চগড় জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬, ০৫:৩২ পিএম

মসজিদকে দলীয় কার্যালয় বানানোর চেষ্টা করা হয়েছিল: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বিগত দিনে মসজিদগুলোকে দলীয় কার্যালয় বানানোর চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ। শনিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, মসজিদ আল্লাহর ঘর। তাই মসজিদকে আল্লাহর ঘরের মর্যাদায় ফিরিয়ে আনতে হবে। ইসলাম কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির নয়, ইসলাম মহান আল্লাহর। ধর্মীয় মাহফিলের বিষয়ে তিনি বলেন, আমরা কোনো মাহফিলের বিরোধী নই, বরং মাহফিল আয়োজনে সহযোগিতা করতে চাই। তবে মাহফিলের নামে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বা বিরোধিতা করার চেষ্টা করা হলে তা বরদাশত করা হবে না। এ ব্যাপারে ওলামা দলের প্রতিটি নেতাকর্মীকে সজাগ ও সোচ্চার থাকতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিটি ওয়াজ মাহফিলে নিরপেক্ষ ও যোগ্য আলেমদের আমন্ত্রণ জানানো উচিত, যারা কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, বরং পবিত্র কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যার মাধ্যমে মানুষকে হেদায়েতের আলো দেখাবেন। রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য মাহফিলে বক্তা আনার প্রয়োজন নেই। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত ইসলামের সঠিক শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়া। আয়োজকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা এমন নিরপেক্ষ ও বিজ্ঞ আলেম-ওলামাদের খুঁজে বের করুন, যারা সত্য বাণী পৌঁছে দিতে পারবেন। এমন আলেমদের দিয়ে মাহফিল আয়োজন করা হলে আমরা স্বাগত জানাব এবং মাহফিল সফল করতে অর্থনৈতিকসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

পঞ্চগড় জেলা ওলামা দলের সভাপতি মুফতি মুহিবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রশাসক এ মজিদ এবং জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল। অনুষ্ঠানে জেলা ওলামা দল এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Link copied!