মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
চিত্রনায়িকা শবনম বুবলী ও চিত্রনায়ক শাকিব খানের সম্পর্কটা দীর্ঘদিনের। পর্দায় অভিনয়ের পর বিয়ে করেছেন তারা। সংসারে রয়েছে একটি পুত্র সন্তানও। তবে তাদের সংসার ভাঙনের খবর শোনা গেছে বিভিন্ন সময়। যদিও কেউ সরাসরি বিষয়টি স্বীকার করেননি।
এরইমধ্যে রবিবার (২০ নভেম্বর) শবনম বুবলীর জন্মদিন। নিজের জন্মদিনের প্রথম প্রহরে মা, বাবা ও বোনদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেন বুবলী। তবে চমক উপহার পান ছেলে বীরের মুখে যখন ভাঙা ভাঙা গলায় বলতে শোনেন , ‘হ্যাপি বাড, হ্যাপি বাড…’। বীরের মুখে এ কথা শুনে খুব হেসেছেন মা বুবলী। তার কথায়, ‘কয়েক দিন ধরে বাসায় হয়তো আমার জন্মদিন নিয়ে আলোচনা হয়েছে, ও হয়তো শুনে শুনে মনে রেখেছে। ছোট্ট মানুষ, পরিষ্কারভাবে তো আর বলতে পারে না।’
সবার কথা তো শোনা হলো। এবার প্রশ্নটা ছিল বীরের বাবা শাকিব জন্মদিনে কী উপহার দিলো? বুবলীর জবাব, ‘দেখুন, ও নিজের জন্মদিন নিয়েই তেমন একটা এক্সাইটেড থাকে না। ওভাবে সেলিব্রেটও করে না। জন্মদিন উপলক্ষে আমাকে একদিন আগেই উইশ করেছে। গত সপ্তাহে আমাকে সে উপহার কিনে দিয়েছে। আমি আগে থেকে জানতাম না উপহারটি কী। যখন খুলে দেখলাম ডায়মন্ডের নাকফুল, দেখে আমার চোখে জল চলে এসেছিল। এটি হাতে নিয়ে আমি আবেগপ্রবণ হয়েছিলাম। আমি মনে করি, এ উপহার আমার জন্য তার অন্য রকমের ভালোবাসার বহিঃপ্রকাশ।’
উল্লেখ্য, বুবলী সম্প্রতি নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমায় নিজের অংশের শুটিং শেষ করেছেন। বর্তমানে ব্যস্ত আছেন ‘মায়া’ ছবির শুটিংয়ে। এছাড়া তার হাতে আছে ‘দেয়ালের দেশ’ নামের আরেকটি ছবির কাজ।