মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

আ.লীগকে নিরাপদে সরে দাঁড়াতে বললেন মির্জা ফখরুল

আ.লীগকে নিরাপদে সরে দাঁড়াতে বললেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সরকারকে নিরাপদে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, একাত্তরে লাখো মানুষের রক্ত ​​ঝরিয়েছে। এখনও গণতন্ত্রের জন্য ৩৫ লাখ মানুষকে আসামি করেছো, সাতজন যোদ্ধা প্রাণ দিয়েছে-এর মূল্য অবশ্যই দিতে হবে। নিরাপদে সরে দাঁড়ান, তা না হলে জনগণের যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়েছে, সুনামির মতো আপনাদের ভাসিয়ে নিয়ে যাবে। এর নেতৃত্বে আছেন তারেক রহমান।
সোমবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মহাসচিব বলেন, ‘গত শনিবার কোনো কারণ ছাড়াই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্জারামপুরের একটি ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মিয়াকে পুলিশ গুলি করে হত্যা করেছে। জনগণ তোমাদের (সরকার) বিচার করবেই।’
এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির শীর্ষ নেতা বলেন, লড়াই শুরু হয়ে গেছে, মানুষ নেমে পড়েছে। এখন আমাদের আরও শক্তি সঞ্চয় করে নয়ন, আবদুর রহিম, নুরে আলম, শাওন, শাওন প্রধান, আলিমের রক্তের ঋণ পরিশোধের জন্য আমাদের তৈরি হতে হবে। তিনি বলেন, এখানে ইকবাল হাসান মাহমুদ টুকু আছেন, তার মামলা চলছে, যে মামলায় তিনি খালাস হয়ে গিয়েছিলেন। শুধু তাকে নয়, ষড়যন্ত্রমূলকভাবে আমাদের কয়েকজন সিনিয়র নেতার নামেও নতুন করে মামলা শুরু করেছে।
তারেক রহমান নতুন স্বপ্ন দেখাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমান বলেছেন, সব আন্দোলনকারী দলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হবে- এটা খুবই জরুরি। কেন? এই সরকার গোটা দেশকে ডাস্টবিনে, নর্দমায় পরিণত করেছে- পরিষ্কার করতে হলে সবাইকে করতে হবে। বিচার ও প্রশাসনিক ব্যবস্থার সংস্কার করতে হবেশিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। সত্যিকার অর্থে একটা আধুনিক জনকল্যাণমূলক একটা আলোকিত বাংলাদেশ করতে হবে।’
বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে ফোরামের উপদেষ্টা আমিরুল ইসলাম খান আলীমের পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক নাজমুল হাসান প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |