মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
প্রত্যেক বাবা-মাই চান তাদের সন্তান জীবনে সফল হোক এবং তাদের সব স্বপ্ন পূরণ করুক। আর তাই সন্তানদের জীবন উন্নত করতে এবং তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য বাবা-মায়েরাও ত্যাগ স্বীকার করতে পিছপা হন না।
তারা সন্তানদের জন্য যা করেন তার জন্য প্রতিদিন তাদের ধন্যবাদ জানালেও তা যথেষ্ট হবে না। মা-ছেলে জুটির এমনই একটি হৃদয়গ্রাহী গল্প সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, যা বেশ সাড়া ফেলেছে এবং অনলাইন ব্যবহারকারীদের মন জয় করে নিয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, একজন নারী চেয়েছিলেন তার ছোট ছেলে বড় হয়ে একজন পাইলট হোক এবং ছেলে প্লেনে আকাশে উড়বে সেটাতেই তাকে মক্কায় নিয়ে যাক। বেশ কয়েক বছর পরে, সেদিনের সেই ছোট্ট ছেলেটি বড় হয়ে তার মায়ের স্বপ্নকে সত্য করে তুলেছেন।
সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারে দেওয়া এক পোস্টে আমির রশিদ ওয়ানি নামের এক পাইলট তার একটি ছবি এবং তার মায়ের কয়েক বছর আগে লেখা একটি নোট শেয়ার করেছেন। ওই টুইটটিতে লেখা রয়েছে, ‘আমার মা আমাকে স্কুলের জন্য একটি কার্ড লিখেছিলেন এবং আমার বুকে ঝুলিয়ে দিয়েছিলেন। এবং মা আমাকে প্রায়ই বলতেন: ‘যখন তুমি পাইলট হবে, তখন আমাকে তোমার প্লেনে করে মক্কায় নিয়ে যেও’। আজ আমার মা পবিত্র কাবার যাত্রীদের একজন এবং আমি সেই ফ্লাইটের পাইলট।’
সোশ্যাল মিডিয়ার এই প্লাটফর্মটিতে মায়ের স্বপ্নপূরণের এই পোস্টটি করার পর থেকে টুইটটিতে ২০ হাজারেরও বেশি লাইক, ২৩০০ টিরও বেশি রিটুইট এবং বেশ কয়েকটি মন্তব্য এসেছে। টুইটার ব্যবহারকারীরা অনুপ্রেরণামূলক এই পোস্টটিকে পছন্দ করেছেন এবং মায়ের স্বপ্ন পূরণের জন্য পাইলটের প্রতি ভালবাসা প্রকাশ করেছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমি সত্যি সত্যি কাঁদছি। এটা খুবই সুন্দর।’আরেকটি মন্তব্যে লেখা হয়েছে, ‘বিশ্বাস শক্তিশালী, আর বাবা-মায়ের আশীর্বাদও সমান শক্তিশালী।’
তৃতীয় একজন মন্তব্য করেছেন, ‘যদি আপনি দৃঢ়প্রতিজ্ঞ হন, তবে আপনার স্বপ্ন সবসময়ই সত্যি হবে।’ আরেকজন লিখেছেন, ‘প্রিয় ভাই, তুমি সত্যিই একজন ভাগ্যবান ছেলে কারণ তুমি তোমার মায়ের স্বপ্ন পূরণ করেছ।’
অবশ্য বাবা-মায়ের স্বপ্নপূরণের এমন কাছাকাছি ঘটনা এর আগেও দেখা গেছে। গত মাসে ছেলে তার বাবার ৫৯ তম জন্মদিনে স্বপ্নের বাইক উপহার দিয়ে সারপ্রাইজ দিয়েছিলেন।
ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে, ছেলেকে তার বাবাকে তার প্রিয় বাইকটি কতটা ভালোবাসে তা বুঝতে পেরে তাকে (বাবাকে) উপহার দিতে দেখা গেছে।