মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

বিএনপির গণঅবস্থান শুরু

বিএনপির গণঅবস্থান শুরু

নিজস্ব প্রতিবেদক
সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে পূর্বঘোষিত গণঅবস্থান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বিএনপি।

বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে বিএনপির দলীয় সংগীত পরিবেশন করা হয়। এতে সভাপতিত্বে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

অউঠঊজঞওঝঊগঊঘঞ

এছাড়া উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মঞ্জু, উত্তরের সদস্য সচিব আমিনুল হক।

গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে সদ্য কারামুক্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

সরেজমিন দেখা যায়, গণঅবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কেন্দ্রীয় নেতাদের নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কের একটি অংশে বাঁশ দিয়ে ঘেরাও করে সেখানে রাখা চেয়ার বসানো হয়েছে। বক্তব্য দেওয়ার জন্য ছোট আকারে একটি ডায়াস তৈরি করা হয়েছে। আর গণঅবস্থানে অংশ নিতে আসা নেতাকর্মীদের বসার জন্য সড়কে কার্পেট বিছানো হয়েছে।

এদিকে গণঅবস্থান কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে রাজধানী ও আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন দলটির নেতাকর্মীরা। সকাল ১০টার মধ্যে পুরো নয়াপল্টন এলাকা বিএনপির নেতাকর্মীদের দখলে চলে যায়। যার ফলে নাইটিংঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত সড়কের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও বিএনপির পক্ষ থেকে মাইকে নাইটিংঙ্গেল মোড় থেকে ফকিরাপুলগামী সড়কে যানচলাচলের জন্য ছেড়ে দিতে পুলিশকে অনুরোধ জানানো হয়।

গণঅবস্থানে অংশ নিয়ে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর পদত্যাগ ও সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এছাড়া গণঅবস্থান কর্মসূচির ফাঁকে-ফাঁকে বক্তব্য দিচ্ছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

পূর্ব ঘোষণা অনুযায়ী, বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ গণঅবস্থান কর্মসূচি চলবে। গণঅবস্থান কর্মসূচি থেকে যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |