বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

ব্যারিস্টার রুমিন ফারহানার গাড়িকে ছাত্রলীগের ধাওয়া

ব্যারিস্টার রুমিন ফারহানার গাড়িকে ছাত্রলীগের ধাওয়া

বিশেষ প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপি আয়োজিত সভায় যোগদান শেষে ঢাকায় ফেরার পথে বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার প্রাইভেটকারকে ধাওয়া করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার বিকালে উপজেলা সদরের উচালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তবে ঘটনাস্থলে পুলিশ তৎপর থাকায় অল্পে হামলার হাত থেকে বেঁচে যান তিনি।

এর আগে প্রাইভেটকারে করে আশুগঞ্জ সভা থেকে যোগদান শেষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের গরুবাজার এলাকায় সভায় যোগ দেন তিনি।

তার আসার খবর পেয়ে সরাইল উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উচালিয়াপাড়া মোড়ে জড়ো হন। এ সময় পুরো এলাকায় প্রতিবাদ মিছিল করেন তারা। পুলিশ পাহারায় উচালিয়াপাড়া মোড়ে আসামাত্র ছাত্রলীগের নেতাকর্মীরা গাড়িটিকে ধাওয়া করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গাড়িটিকে নিরাপদে যাওয়ার সুযোগ করে দেয়।

এসময় সরাইল ছাত্র ছাত্রলীগের সভাপতি শরিফ উদ্দিন বলেন, ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইল আশুগঞ্জের কেউ নন। তিনি এই এলাকার বহিরাগত। প্রায়শই সরাইল এলাকায় এসে তিনি সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করেন। পাশাপাশি সরাইল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে নিয়ে কটূক্তি করেন। তার প্রতিবাদে আমরা তাকে প্রতিহত করার চেষ্টা করেছি। আগামী দিনেও একইভাবে তার মিথ্যাচারকে প্রতিহত করার ঘোষণা দেন এই ছাত্রলীগ নেতা।

এসময় উপস্থিত ছিলেন- সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানাউল্লাহ সেলু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাপ্পি প্রমুখ।

এ বিষয়ে সরাইল থানার ডিউটি অফিসার এসআই আলম জানান, আসলে বিষয়টি ধাওয়া নয়। দুই পাশে নেতাকর্মীরা জড়ো হয়েছিল- পুলিশ তাদের সরিয়ে রুমিন ফারহানার গাড়িটিকে যাওয়ার ব্যবস্থা করে দেয়।

কে,আই,এ/ঈ,ম

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |