বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
মোর্শেদ মারুফ : সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার যাদুকাটা বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীরগর্ভে বিলিন হতে পারে প্রায় ৪০ টি গ্রাম। ৪ জুন (রবিবার) বেলা ১২টায় এলাকাবাসীর পক্ষে জাহাঙ্গীর আলম নাসিম পানি সম্পদ মন্ত্রণালয় বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি বলেন, যাদুকাটা নদীর ইজারা বহির্ভূত ফাজিলপুর বালু মিশ্রিত পাথর মহালের সোহালা ও কোনাটা মৌজায় এবং শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর আশ্রম সংলগ্ন লামাশ্রম। লাউয়েরগড় বিজিবি ক্যাম্প সংলগ্ন চালিয়ারঘাট মৌজায় যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহালের ইজারাদারগণ বেআইনীভাবে প্রতিদিন রাতের আধারে পরিবেশ বিধ্বংসী বোমা মেশিন (ড্রেজার) দ্বারা অবৈধভাবে বালু/পাথর উত্তোলন করে যাচ্ছে ও মহামান্য সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের আদেশ লঙ্ঘন করে নদীর তীর কেঁটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে যাচ্ছে। এতে করে আশে পাশের প্রায় ৪০টি গ্রাম নদীগর্ভে বিলিন হওয়ার আশংকা সৃষ্টি হয়েছে এবং যাদুকাটা নদীর উপর প্রায় শত কোটি টাকা ব্যায়ে নির্মিত শাহ্ আরফিন অদ্বৈত মৈত্রী সেতু, বিখ্যাত শিমুল বাগান, লাউড়েরগড় বিজিবি ক্যাম্প, লাউড়েরগড় বাজার, বিন্নাকুলি বাজার, কোনাট বাজার, মিয়ারচর বাজার নদীগর্ভে বিলিন হওয়ার শংকা সৃষ্টি হয়েছে।
যাদুকাটা নদীতে শত বছর যাবত হাজার হাজার নারী- পুরুষ প্রাকৃতিক উপায়ে বালু, পাথর, কয়লা, লাকড়ি উত্তোলন করে জীবিকা নির্বাহ করে যাচ্ছে। এভাবে পরিবেশ বিধ্বংসী বোমা মেশিন (ড্রেজার) দ্বারা ইজারা চুক্তি লঙ্ঘন করে বালু/ পাথর উত্তোলন করলে হাজার হাজার শ্রমিক কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে যাবে। প্রাকৃতিক সম্পদে ভরপুর ফাজিলপুর পাথরমহাল ও যাদুকাটা বালুমহাল গুলো বিনষ্ট হয়ে ভবিষ্যতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে।
মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে সমগ্র বাংলাদেশের বালুমিশ্রিত পাথর কোয়ারি ইজারা দেওয়া ও পাথর উত্তোলনের নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। অথচ যাদুকাটা বালুমহাল ১ ও ২ ইজারা দিয়ে শুধুমাত্র বালুমহাল ১ এর খাজনা পরিশোধ করে। যাদুকাটা- ২ বালুমহালের খাজনা, ভ্যাট, টেক্সসহ প্রায় ৪২,০০,০০,০০০ (বিয়াল্লিশ) কোটি টাকা পরিশোধ না করে যাদুকাটা-২ বালুমহাল ও ইজারা বহির্ভূত ফাজিলপুর বালুমিশ্রিত পাথর কোয়ারি সহ সরকারের তিনটি মহাল প্রভাবশালী লোকজন অবৈধভাবে ভোগদখল করে যাচ্ছেন বলে জানান তিনি।
এবিষয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসককের বক্তব্য নেওয়ার অনেক চেষ্টা করার পরেও তাকে ফোনে পাওয়া যায়নি।