মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক অপরাধ-সংঘর্ষ নিয়ে সংবাদ পরিবেশনের কারণে বাংলাদেশি সাংবাদিকদের উপর ক্ষুব্ধ হয়ে উঠেছে রোহিঙ্গাদের উগ্রপন্থী সংগঠন আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা)। গেল শুক্রবার (৭ জুলাই) উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আরেক রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরএসওর সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে প্রাণ হারায় আরসার ৫ সদস্য।
আর এইসব সংবাদ আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে দেশের সবগুলো গণমাধ্যমেই ফলাও করে প্রচার করে। তারই ধারাবাহিকতায় বিডি২৪লাইভও সংবাদ প্রচার করে “উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ৫” শিরোনামে সংবাদ প্রচার করে।
এদিকে এইসব সংবাদ প্রকাশের রেশ ধরে রোহিঙ্গা কেন্দ্রিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আরসার সদস্যরা বিডি২৪লাইভের বিশেষ প্রতিনিধি ওবায়দুল হক চৌধুরীকে দোষারোপ করে সাংবাদিকদের প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন নেতিবাচক বার্তা ছড়িয়ে দিতে থাকে।
রোহিঙ্গা ভাষায় পাঠানো অজ্ঞাত এক ব্যক্তির এরকম একটি উস্কানিমূলক অডিও ও ভিডিও বার্তা পাওয়া গেছে।
বার্তায় জনৈক ব্যক্তি ওই সাংবাদিকের লেখা প্রতিবেদনকে উদ্দেশ্য করে আরসা নাকি আরএসও হত্যাকাণ্ড ঘটিয়েছে তার কাছে জিজ্ঞেস করার জন্য আরসার সদস্যদের নির্দেশ দেন। বার্তায় বলা হয়, ‘তোমরা তাকে ভিডিওগুলো পাঠাও আরসায় মারছে নাকি আরএসও মারছে তাকে প্রমাণ দাও, জানতে চাও- তুই মিথ্যা কথা কেন লিখিস? তোমরা তাকে জিজ্ঞেস করো, আমি করেছি।’ (রোহিঙ্গা ভাষা থেকে অনুবাদকৃত)।
ধারণা করা হচ্ছে, মালেয়শিয়ার একটি নাম্বার ব্যবহার করে বার্তাপ্রেরক ব্যক্তিটি ওই দেশে অবস্থান করা আরসা কমান্ডার।
এবিষয় আমাদের বিশেষ প্রতিনিধি ওবায়দুল হক জানান, ‘বিডি২৪লাইভে অন্যান্য গণমাধ্যমের মতো সংঘর্ষের সংবাদটি আইনশৃঙ্খলা বাহিনীর দেয়া তথ্য অনুযায়ী প্রকাশ করা হয়। এরপর থেকে রোহিঙ্গা সন্ত্রাসীরা আমাকে হোয়াটসঅ্যাপে কল মেসেজ দিয়ে হুমকি দিয়ে যাচ্ছে।’
প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে এই সাংবাদিক বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পের পাশেই আমার নিবাস, আমি আমার নিরাপত্তা নিয়ে আতংকে আছি। তারা যেকোনো কিছু করতে পারে।’
এদিকে ওই একই ব্যক্তি ইউটিউবে একটি ভিডিও বার্তায় আরসার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় বাংলাদেশের বিশেষ করে কক্সবাজারের সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে নানা ধরণের হুমকি দেন। সাংবাদিকদের শেষ করে দিতে আহ্বান জানান।
এ ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এপিবিএন বলছে, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কয়েকটি সন্ত্রাসী গ্রুপ সক্রিয়।
৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘আরসা, আরএসও, নবী হোসেন গ্রুপসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ কর্মকাণ্ড ঘটিয়ে আসছে। যারাই গ্রুপগুলোর অপরাধ কর্মকাণ্ডে বাধা হয়ে দাঁড়ায়, তাদের দেয়া হয় হুমকি।’
ইতোপূর্বে এপিবিএন সদস্যদেরও তারা হুমকি দিয়েছিল জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘এটি নিয়ে ভয়ের বা আতংকের কিছু নেই, ক্যাম্পে সন্ত্রাসীদের দমনে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী বদ্ধ পরিকর। তাদের আইনের আওতায় আনতে সার্বক্ষণিক আমরা আমাদের তৎপরতা অব্যাহত রেখেছি।’
২০১৭ সালে নতুন করে বাংলাদেশে আশ্রয় পায় ৭ লাখের বেশি রোহিঙ্গা। বাংলাদেশে ৩৪টি আশ্রয় ক্যাম্পে প্রতিনিয়তই ঘটছে হত্যা, অপহরণসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড।
সাধারণ রোহিঙ্গারা দেশের ফেরার দাবিতে সরব থাকলেও সন্ত্রাসীদের কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া, গণহত্যার বিচারসহ নানা ইস্যু সামনে এলেই বেড়ে যায় অপরাধের মাত্রা।
আরসা-আরএসওর মধ্যে শুক্রবার ভোরের সংঘর্ষে ৫ জন নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার দিন বিকেলে ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে বলেন, মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদীরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে হত্যার ঘটনা ঘটাচ্ছে।
রোহিঙ্গারা যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে এখানে আন্তর্জাতিক সন্ত্রাসীদের একটি কেন্দ্রস্থলে পরিণত হতে পারে এমন আশঙ্কায় মন্ত্রী আরো বলেন, ‘রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বিশ্ব ফোরামকে আহ্বান জানাতে চাই৷ তাদের যত তাড়াতাড়ি নিজ দেশে ফেরানো যায়, ততই মঙ্গল।’
পুলিশের দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, আলোচিত ফাইভ মার্ডারসহ চলতি বছরে উখিয়া-টেকনাফের ক্যাম্প এলাকায় অন্তত ৬২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
হুমকির বিষয়টি নিয়ে উদ্ভেগ প্রকাশ করেছে বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি খায়রুল আলম রফিক। তিনি বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর। এভাবে রোহিঙ্গারা কোনভাবেই আমাদের দেশের সাংবাদিকদের হুমকি প্রদানের সাহস দেখাতে পারেনা।
আমাদের খেয়ে, আমাদের এখানে থেকে আমাদেরই হুমকি প্রদান এটা দেশের জন্য হুমকি স্বরুপ। আমি আইনশৃঙ্খলা বাহিনীর সর্বচ্চ সহযোগীতা কামনা করছি এবং এই সাংবাদিকের সর্বচ্চ নিরাপত্তা প্রদানের অনুরোধ জানাচ্ছি।”