মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

প্রতিদিনের কাগজের প্রতিবেদন পড়ে উদ্বুদ্ধ হয়ে টোকাইদের পাশে দাঁড়ালেন এক প্রবাসী

প্রতিদিনের কাগজের প্রতিবেদন পড়ে উদ্বুদ্ধ হয়ে টোকাইদের পাশে দাঁড়ালেন এক প্রবাসী

মো. আব্দুল মান্নান, ময়মনসিংহ
দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিবেদন পড়ে উদ্বুদ্ধ হয়ে টোকাইদের পাশে দাঁড়ালেন এক প্রবাসী। ২৫ জন টোকাইকে জনপ্রতি প্রায় ৮০০ টাকার খাদ্য সামগ্রী দান করলেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রবাসী। সোমবার (২৪ জুলাই) ময়মনসিংহের ফুলপুর আঞ্জুমান সুপার মার্কেটের নিচ তলায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। চলতি ২০২৩ সনের ১০ জুলাই দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার বাংলাদেশ প্রতিদিনের ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি মো. আব্দুল মান্নানের লেখা ‘টোকাইদের পাশে দাঁড়ান’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে এটি মানব দরদী এক প্রবাসীর দৃষ্টিগোচর হলে তিনি ফুলপুরের টোকাইদের পাশে দাঁড়াতে আগ্রহ ব্যক্ত করেন ও টোকাইদের তালিকা তৈরি করতে বলেন। এরপর উপজেলার বিভিন্ন রোডে ঘুরে খবর নিয়ে ২৫ জনের একটি তালিকা তৈরি করা হলে তিনি ২০ হাজার টাকা পাঠান এবং তা দিয়ে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, রসূন, লবণ কিনে বিতরণ করতে এ প্রতিবেদককে দায়িত্ব দেন। পরে প্রতিবেদক মো. আব্দুল মান্নান ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের সানী ইমাম হাফেজ মাওলানা আশরাফুল আলমকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি ক্রয় কমিটি গঠন করে দেন। এরপর হাফেজ আশরাফুলের নেতৃত্বে শেরপুর রোড মোড়ের বাইতুন নূর জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মাহদী হাসান ও ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসার ১০ম শ্রেণির ছাত্র হাফেজ মুস্তাক্বীম আল মান্নানকে নিয়ে মালামাল ক্রয় করা হয়। এছাড়া ব্যানার ও স্বেচ্ছাসেবকদের আপ্যায়ন করা হয়।

এতে ১২৫ কেজি চাল ৬২৫০ টাকা, সাড়ে ১২ কেজি ডাল ১১৮৭ টাকা, ২৫ লিটার সয়াবিন তেল ৪৫০০ টাকা, ৫০ কেজি আলু ১৮৭৫ টাকা, ২৫ কেজি পেয়াজ ৮৭৫ টাকা, সোয়া ৬ কেজি রসূন ১২২৫ টাকা, ২৫ কেজি লবণ ১০০০ টাকা ও ২৫০ টাকা দিয়ে ২৫টি ব্যাগ ক্রয় করা হয়। এছাড়াও ব্যানার বাবদ ৩০০ টাকা ও স্বেচ্ছাসেবকদের আপ্যায়ন বাবদ ২২৫ টাকা খরচ হয় এবং ২৪১৩ টাকা হাতে থেকে যায়; যা পরবর্তীতে এ ধরনের সেবামূলক কাজে ব্যয় করা হবে। দোকান থেকে মালামালগুলো আঞ্জুমানের সামনে আনা বাবদ শরীফ নামে এক ভাই ৩০ টাকা ভ্যান ভাড়া দিয়ে এর সাথে শরীক হন। টোকাইদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, চর নিয়ামত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসকান্দর হোসেন, এক্স সোলজার ওয়েল ফেয়ার এসোসিয়েশন ফুলপুর শাখার সভাপতি অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মো. নজরুল ইসলাম, কাউন্সিলর মোশাররফ হোসেন, এসআই সবুজ ও এসআই আরাফাত হোসেন মুন্নার নেতৃত্বে পুলিশের একটি টিম, সিনিয়র সাংবাদিক এটিএম রবিউল করিম রবি, খলিলুর রহমান, আঞ্জুমানে হেমায়েতে ইসলামের সদস্য শাহ মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম দুলাল, ক্রয় কমিটির সদস্য হাফেজ মাহদী হাসান, হাফেজ মুস্তাক্বীম আল মান্নান, স্বেচ্ছাসেবক হাফেজ আব্দুল হাকিম, ব্যবসায়ী শরীফ প্রমুখ।

সংক্ষিপ্ত বক্তব্যে বাসস্ট্যান্ড জামে মসজিদের সানী ইমাম হাফেজ মাওলানা আশরাফুল আলম বলেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে টোকাইসহ সমাজের অসহায়দেরও উপকার হয়। এজন্য সমাজ ও মানব উন্নয়নে এটাকে কাজে লাগাতে পারলে সাংবাদিকতাও হতে পারে নাজাতের উসীলা। এসময় প্রতিবেদক মো. আব্দুল মান্নান নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসী ওই ভাইয়ের মত এসব টোকাই, গরিব, অসহায় ও ঋণগ্রস্তদের পাশে দাঁড়াতে এবং এদের জন্য কাঙ্খিত কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকারের পাশাপাশি সমাজের ধনাঢ্য ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |