মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
মোস্তফা কামাল, চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য বাসভবন ও গাড়ি ভাঙচুর, শাটল ট্রেন দুর্ঘটনাকে কেন্দ্র করে এবং চাঁদা দাবির ঘটনায় সাতজন করে মোট ১৪ জনের বিরুদ্ধে দুই মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নূর আহমেদ ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা শেখ মোহাম্মদ আব্দুর রাজ্জাক বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা দুটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন। তিনি বলেন, চাঁদা দাবি ও ভাঙচুরের ঘটনায় মামলাগুলি দায়ের করা হয়েছে। দুইটি মামলাতে সাতজন করে মোট ১৪ জনকে আসামি করা হয়েছে। তাছাড়া ৯০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ক্যাম্পাসে ফেরার পথে গাছের সঙ্গে ধাক্কা লেগে শাটল ট্রেনের ছাদ থেকে পড়ে প্রায় ২০ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় উপাচার্যের বাসভবনে ভাঙচুর করেছে সাধারণ শিক্ষার্থীরা।
এসময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে রাস্তায় আগুন দেয়। রাত ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে ভাঙচুর ও আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেন। জিরো পয়েন্টে অবস্থিত পুলিশ বক্সে ভাঙচুর চালান শিক্ষার্থীরা। ভাঙচুর চালানো হয়েছে স্থানীয় পুলিশ ফাঁড়িতেও। প্রশাসনের কাছে শাটল ট্রেনের বগি বাড়ানোর দাবিও জানান তাঁরা। মামলার বিষয়ে বাদী রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নূর আহমেদ ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা শেখ মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কল রিসিভ করেননি।