মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
মোস্তফা কামাল, চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হয়েছে জাতীয় আইন সম্মেলন। দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে দুইদিন ব্যাপী এই আইন সম্মেলন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সাড়ে দশটায় ‘পরিবর্তনশীল বিশ্বে আইন’ প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে এই আইন সম্মেলন। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। এতে দেশি-বিদেশি প্রায় ৫০টি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৭০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন। এছাড়াও ৩০জন প্যানেল স্পীকার থাকবেন।
চবি আইন অনুষদের অধ্যাপক ড. রকিবা নবীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বোরহানউদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি আইন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী এবং মুখ্য আলোচক হিসেবে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শরিফ ভূঁইয়া।
আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে ছিলেন, চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখ্তার এবং বিশেষ অতিথি হিসেবে চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে এবং সিনিয়র জেলা ও সেশন জজ ড. আজিজ আহমেদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।
ড. শরীফ ভূঁইয়া বলেন, মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে এক ধরনের শৃঙ্খলা মেনে চলতে হয়। বিভিন্ন ধরনের আইন সে শৃঙ্খলা মেনে চলতে সাহায্য করে। বিজ্ঞান ও প্রযুক্তি মানবজীবনে বাহ্যিক পরিবর্তন করে না বরং মানব সমাজের সামগ্রিক পরিবর্তনে ভূমিকা রাখে। সারা বিশ্বে আইনের শাসনে পরিবর্তন এসেছে। অর্থনৈতিক সমৃদ্ধি আইনের শাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইনের শাসন ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সমাজে গণতন্ত্রের চর্চা অনিবার্য।
চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, আইনের শাসন আমাদের প্রতিষ্ঠা করতে হবে দেশকে এগিয়ে নিতে হলে।আমি আশা করি দেশ ও জাতি এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য আজকের এই আইন সম্মেলন ব্যাপক ভূমিকা রাখবে।
ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বলেন, প্রথমবারের মতো আইন সম্মেলন হচ্ছে, বিষয়টি খুবই অবিস্মরণীয় । আইন শিক্ষা এবং শেখানোর পদ্ধতিতে অনেক পরিবর্তন নিয়ে আসতে হবে। বর্তমানে মুখস্থবিদ্যার ভিত্তিতে দেশে মেধা যাচাই করা হয় । কিন্তু সমস্যা সমাধান, ব্যবস্থাপনার জ্ঞানও গুরুত্বপূর্ণ, যা অন্যান্য দেশে শেখানো হয়। বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষাদান পদ্ধতিতে পরিবর্তন প্রয়োজন। তিনি বলেন, প্রথমে আমাদের আইনের শাসন নিশ্চিত করতে হবে। তাছাড়াও পরিবর্তনশীল বিশ্বের সাথে এগিয়ে যেতে আমাদের আইনগুলো সংশোধন করা প্রয়োজন, যাতে বর্তমান সমস্যার সমাধান সহজ করা যায়।