মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে সামনে রেখে ঢাকা শহর দখলের নামে আগুন-সন্ত্রাসের হুমকি দিচ্ছে বিএনপি। এসব করে লাভ হবে না। বিএনপির খায়েশ পূরণ হবে না।
রোববার (২২ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী এ সময় সড়ক পরিবহণ আইনের সংশোধনের প্রসঙ্গ টেনে বলেন, ‘আইন পরিবর্তন করার কি সময় আছে? জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। জানুয়ারিতে নির্বাচনে যারাই (ক্ষমতায়) আসে, সংযোজন-বিয়োজন ও সংশোধন বিবেচনা করতে পারবেন। এসব বিষয় আপাতত মূলতবি রাখতে হবে।’
দাবিগুলো ন্যায় ও যুক্তিসঙ্গত হলেও এখন কিছু করা যাবে না মন্তব্য করে তিনি বলেন, ‘আমি পারফেক্ট মানুষ— এ দাবি করব না। ভুলত্রুটি হতে পারে। ভালো করার চেষ্টা করেছি, দুর্নীতি কমানোর চেষ্টা করেছি। টেন্ডার বাণিজ্য, বদলি বাণিজ্য বন্ধ করতে পেরেছি।’