কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : নির্বাচন কমিশনের ঘোষিত অবৈধ তফসিলের প্রতিবাদ এবং বিএনপির একদফা দাবী আদায়ের লক্ষ্যে গত রবিবার থেকে দেওয়া ৪৮ ঘণ্টার হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রদল।
সোমবার (২০ নভেম্বর) সকাল দশটায় কোটবাড়ি বোর্ড মার্কেট এলাকায় বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। কুবি ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব প্রদান করেন। ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান শুভ বলেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবীবুল আউয়াল যে তফসিল ঘোষণা করেছে তা বাংলাদেশের জনগন প্রত্যাখ্যান করেছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরাও এ অবৈধ তফসিল মানি না। অতিদ্রুত অবৈধ তফসিল বাতিল করে নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচনে সকল রাজনৈতিক দলগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চাই, একই সাথে ভোটাররা যাতে করে সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। উল্লেখ্য, বিক্ষোভ মিছিলটি কোটবাড়ির ক্যান্টনমেন্ট কলেজের সামনে থেকে শুরু হয়ে কোটবাড়িস্থ টিচার্স ট্রেনিং কলেজের সামনে এসে শেষ হয়।