মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: দুই বছরের বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা- সিইও মো. রাসেল। একাধিক মামলায় এতদিন তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে রাসেলের কারামুক্ত হওয়ার তথ্য ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ জেলার মো. তরিকুল ইসলাম। তিনি জানিয়েছেন, সোমবার বিকালে রাসেল কারাগার থেকে মুক্তি পান।
তরিকুল ইসলাম আরও জানান, রাসেলের সব মামলায় জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে তা যাচাই বাছাই শেষে সোমবার বিকালে পর তাকে মুক্তি দেওয়া হয়। ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর ইভ্যালির সিইও রাসেল এবং তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র্যাব। এরপর চেক জালিয়াতি, টাকা দিয়ে পণ্য না পাওয়াসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে সারাদেশে অনেকগুলো মামলা হয়।
সেসব মামলায় গত বছরের ৬ এপ্রিল জামিনে মুক্ত হন শামীমা নাসরিন। কিন্তু রাসেল জামিন পাননি। তিনি কারাগারেই ছিলেন। অবশেষে সব মামলায় জামিনে মুক্ত হলেন রাসেলও।