রবিবার, ২১ Jun ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

পাপিয়াকাণ্ডে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার বিথি স্ট্যান্ড রিলিজ

পাপিয়াকাণ্ডে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার বিথি স্ট্যান্ড রিলিজ

ফয়সাল হাওলাদার:  কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের ভেতরে অপরাধী চক্র গড়ে তোলা, আলোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার সাথে সুসম্পর্ক তৈরি করা এবং ১৩ জন কারারক্ষীকে বিনা কারণে সাসপেন্ড করার ঘটনার জেরে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার হাসনা জাহান বিথী। তাকে কুমিল্লা থেকে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়েছে। জেলার হাসনা জাহান বিথী এর আগে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার ও মেহেরপুর জেলা কারাগারে কর্মরত ছিলেন। সেখানেও তিনি বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড, অনিয়ম ও দুর্নীতির দায়ে প্রশাসনিক কারণে বদলি হয়েছেন। কারাসূত্রে জানা গেছে, কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার হিসেবে দায়িত্ব পালন করাকালে কারাগারে বন্দিদের নির্যাতনসহ নানা অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত ছিলেন তিনি। এসব বিষয়গুলো পাপিয়া কাণ্ডের পরই প্রকাশ পায়। সেখানে তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সঠিক দায়িত্ব পালন করতে পারেন নি। যার কারণে তাকে বদলী করেন মেহেরপুর। এর কিছুদিন পরই কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বদলি হন ।

সূত্রে জানা যায়, দায়িত্ব পালনে অবহেলার কারণে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বদলী করা হয়। কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে গত ১ (নভেম্বর) কারা মহাপরিদর্শকের পক্ষে সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) মাইন উদ্দিন ভুঁইয়ার স্বাক্ষরিত বদলীর এক আদেশে তাকে ‘স্ট্যান্ড রিলিজ’ এর নির্দেশ দেওয়া হয়। আমাদের গাজীপুর ও কুমিল্লা সংবাদদাতা জানান, বিভিন্ন কারণে আলোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গাজীপুরস্থ কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। তিনি কারাগারের ভেতরেও অপরাধ কার্যক্রম শুরু করেন এবং গড়ে তোলেন অনুগত বাহিনী।

তারপর বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডের কারণে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখানেও জেলার হাসনা জাহান বিথীর সাথে সুসম্পর্ক করে তোলেন। মাত্র ১০ মাসে আলোচিত পাপিয়া কান্ড, ক্যান্টিন বাণিজ্য, বন্দীদের মাঝে নিম্মমানের খাবার সরবরাহ, কারা হাসপাতালে অসুস্থ হাজতিরদের না রেখে মাদক কারবারি, ভয়ংকর অপরাধী, জামাত-বিএনপির নেতা কর্মীদের সিট দিয়ে মাসিক প্রায় ৩০ লক্ষ টাকা কামিয়ে নেন জেলার হাসনা জাহান বিথী। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ১০ মাসে প্রায় ৩ কোটি টাকা কামিয়ে নেন। এমন অসংখ্য অভিযোগে তাকে প্রশাসনিক কারণে কুমিল্লা থেকে সাতক্ষীরা জেলা কারাগারে বদলি করা হয়। অভিযোগ রয়েছে, কারাগারে বন্দি ও আলোচিত পাপিয়ার মাধ্যমে অন্য নারীদের কাছ থেকে তিনি টাকা পয়সা ও প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে নিতেন এবং মহিলা বন্দীদের আপত্তিকর প্রস্তাব দিতেন রাজি না হলেই পাপিয়াকে দিয়ে টর্চার করাতেন।

তাদের ওপর চালাতেন অমানষিক নির্যাতন। অভিযোগ আছে, ভাই-বোন যেখানেই যান সেখানেই আলোচনায় আসেন। জেলার হাসনা জাহান বিথীর ভাই গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর ডেপুটি জেলার গোলাম সাকলায়েনকে বরখাস্ত করা হয়েছে। কারাবিধি লঙ্ঘন করে বন্দীর সঙ্গে এক নারীর সাক্ষাতের মাধ্যমে অনৈতিক সুবিধা দেয়ার ঘটনায় সাকলায়েনকে বরখাস্ত করা হয়েছে। সাতক্ষীরা জেলা কারাগারের জেলার হাসনা জাহান বিথী প্রতিদিনের কাগজকে বলেন, এটা তো অফিসিয়াল বিষয়। বদলি তো নরমাল ভাবেই হয়েছে। পাপিয়ার বিষয় কিছু বলতে পারবো না। ভালো করলে অভিযোগের শেষ নেই? আপনাদের যারা তথ্য দিয়েছে তারাই বলতে পারবে কতটুকু সত্য। এ বিষয়ে আমার কাছে কোন উত্তর নেই।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |