মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: সাজা ভোগের পরও বাংলাদেশের বিভিন্ন কারাগারে বন্দি আছেন ১৫৭ বিদেশি নাগরিক। এ সংক্রান্ত একটি প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছে কারা অধিদপ্তর। প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন অপরাধের সাজা শেষে প্রত্যাবাসনের অপেক্ষায় থাকা ১৫৭ বিদেশি কারাবন্দি রয়েছেন। এর মধ্যে ১৫০ জন ভারতের, পাঁচজন মিয়ানমারের এবং একজন করে পাকিস্তান ও নেপালের নাগরিক। এদের মধ্যে ১৯ জনের মতো নারী রয়েছেন।
এর আগে কারা অধিদপ্তরকে এ সংক্রান্ত একটি প্রতিবেদন দাখিল করতে আদেশ দিয়েছিলেন উচ্চ আদালত।এ বিষয়ে হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। পরবর্তী শুনানির জন্য নির্ধারিত দিনে প্রতিবেদনটি হলফনামা করে দাখিল করবেন বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।
রাষ্ট্রপক্ষ জানায়, সাজা খাটা হলেও অন্য দেশের নাগরিক হওয়ায় সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ করে একটি প্রক্রিয়ার মধ্যে এসব ব্যক্তিদের নিজ দেশে প্রত্যাবাসন করতে হয়। সেই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের মুক্তি দেওয়াও সম্ভব নয়। কারাবন্দি এই বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সাধারণত অনুপ্রবেশের দায়ে দি কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট-১৯৫২, পাসপোর্ট আইন-১৯৫২ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় হয়েছে।