বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সাগর দেব, আমিরাত: শীত মৌসুমকে কেন্দ্র করে আমিরাতের বিভিন্ন প্রান্তে প্রবাসী বাংলাদেশিরা নানা উৎসবে মেতে উঠেছে। মৌসুমের শেষ দিনগুলো আনন্দে কাটাতে দল বেঁধে ছুটছে বিভিন্ন প্রান্তে।
শীত মৌসুম উপভোগে আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা সমুদ্রসৈকত, বিভিন্ন পার্ক, বিনোদন কেন্দ্র, পাহাড়ে ছুটছে দল বেঁধে। প্রবাসীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও নেয়া হয়েছে নানা উদ্যোগ। তেমনি আল আইন বঙ্গবন্ধু পরিষদ নামে একটি সংগঠন গত শনিবার দুবাইয়ের মামজারে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও বনভোজনের আয়োজন করে। এতে অংশ নেন বহু প্রবাসী।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি দুবাই এর সভাপতি আব্দুর সবুর চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সাধারণ সম্পাদক নাছির তালুকদার, আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সেলিম চৌধুরী, চট্রগ্রাম সমিতির সভাপতি এরশাদুল আলম হিরো প্রমুখ।
সংগঠনটি সাংস্কৃতিক, বিনোদন ছাড়াও বিভিন্ন সময় দেশের সংকটে ভূমিকা রেখেছে। সিলেটের বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ, বিনা খরচে প্রবাসীদের লাশ দেশে পাঠানোসহ অসহায় প্রবাসী পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে। শনিবার সংগঠনটির বার্ষিক কর্মসূচিতে নানা অনুষ্ঠানের পাশাপাশি ভাষা শহীদদের স্মরণে আলোচনাসভা হয়। পরে প্রবাসীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত সবাইকে প্রাণবন্ত করে তোলে।