বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:মার্কিন যুক্তরাষ্ট্রেরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “যারা বাংলাদেশে এসে দাপট দেখাবে তাদের ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে।”সোমবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।ওবায়দুল কাদের বলেন, “মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথাই ইসরায়েল শোনে না। এখন যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার তারা কাকে ভয় পাবে?
তিনি বলেন, যারা বাংলাদেশে এসে দাপট দেখাবে তাদের ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে। বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, “আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে। আবারও যদি এমন করে তাহলে পালানোর পথ পাবে না। বিএনপি যে অন্যায় করেছে তা ক্ষমার অযোগ্য। তিনি বলেন, “আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার কোনো রেকর্ড নেই। ২০০৭ সালে আর রাজনীতি করব না- এই মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের মূল নেতা পালিয়ে আছে।”
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “২৮ অক্টোবরও বক্তব্য দিয়েছিল, আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। শেষ পর্যন্ত দেখলাম দৌড়াতে দৌড়াতে কোথা থেকে যে কে পালিয়েছে, সেটা হচ্ছে বিএনপি। আমাদের পালানোর রেকর্ড নেই। আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে। আবারও যদি এমন করে তাহলে পালানোর পথ পাবে না।
ওবায়দুল কাদের বলেন, “তারা (বিএনপি) যদি রাজনৈতিকভাবে এগুতে চায় তাহলে আমরাও রাজনৈতিকভাবেই মোকাবেলা করব। তারা যদি আবারও সন্ত্রাস করে তাহলে আমরাও সেভাবেই মোকাবেলা করব। আগে থেকে এনিয়ে কিছু বলতে চাই না।” এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।