মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
মোহাম্মদ রাজীব, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্য উদ্ধৃতি করে প্রতিবেদন প্রকাশের কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) অর্থ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইকবাল মুনাওয়ারকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারাদেশের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি)।
শুক্রবার (৪ আগস্ট) সংগঠনটির দপ্তর সম্পাদক মোঃ ফেরদৌস হাওলাদার স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মোঃ হেদায়েতুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাওসিফ আবদুল্লাহ এ প্রতিবাদ জানান।
সংবাদ মাধ্যমের বরাতে বিবৃতিতে বলা হয়, গত সোমবার (৩১ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন দুর্নীতির বিষয়ে বিতর্কিত মন্তব্য করে বলেন, ‘অনেকেই বলে দেশে দুর্নীতির কারণে উন্নয়ন হচ্ছে না। কিন্তু আমি বলব উল্টো কথা। দেশে দুর্নীতি হচ্ছে বলেই উন্নতি হচ্ছে।’ এদিকে বিষয়টি দৈনিক যায়যায়দিন পত্রিকায় উঠে আসলে ২ আগস্ট (বুধবার) বিশ্ববিদ্যালয় প্রশাসন ইকবাল মুনাওয়ারকে সাময়িক বহিষ্কারাদেশ দেয়। বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) মনে করেন, প্রশাসন কোনো ধরনের আইনের তোয়াক্কা না করে সম্পূর্ণ বিধিবহির্ভূতভাবে বহিষ্কারাদেশ দিয়েছে। কর্তৃপক্ষ ক্যাম্পাসে এসবের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করার চেষ্টা করছে। সাংবাদিকতার টুটি চেপে ধরতেই প্রশাসন এ ধরনের ন্যাক্কারজনক সিদ্ধান্ত দিয়েছে।
বিজেএসসির নেতৃবৃন্দ অবিলম্বে ইকবালের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও শিক্ষাজীবন ফিরিয়ে দেওয়ার পাশাপাশি ক্যাম্পাসে নিরাপদ সাংবাদিকতা চর্চার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।