মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন

বছরে ১৯০০ কোটি টাকার বেশি আয় করতে পারি: পবন

বছরে ১৯০০ কোটি টাকার বেশি আয় করতে পারি: পবন

পবন

বিনোদন : ভারতের দক্ষিণী সিনেমার ‘পাওয়ার স্টার’খ্যাত অভিনেতা পবন কল্যাণ। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় তিনি। জন সেনা দলের প্রধান এই অভিনেতা। রাজনীতিতে সক্রিয় থাকলেও অভিনয় থেকে দূরে সরেননি পবন। বরং নিয়মিত অভিনয় করে যাচ্ছেন।

ভারতের দক্ষিণী সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন তিনি। কিন্তু প্রতি বছর কত টাকা আয় করে থাকেন পবন? এবার এ প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন এই অভিনেতা। সম্প্রতি কর্মী সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে পবন কল্যাণ বলেন- ‘আমি দেশের বড় অভিনেতাদের একজন। একজন সাধারণ নায়ক হিসেবে অন্য সেরা নায়কদের সঙ্গে প্রতিযোগিতা করি না।

প্রতি বছর ২০০ দিন কাজ করি এবং ৪০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫২৮ কোটি টাকার বেশি) আয় করি। কিন্তু আমি যদি প্রতিযোগিতা করতে চাই, তবে বছরে এক থেকে দেড় হাজার কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩০০ থেকে ১৯০০ কোটি টাকার বেশি) আয় করতে পারি। এটাই আমার সামর্থ্য। কিন্তু আমি অন্ধ্র প্রদেশের মানুষের জন্য কল্যাণমূলক কাজ করতে চাই।’ পবন কল্যাণ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভীমলা নায়ক’।

গত বছরের ২৫ ফেব্রুয়ারি মুক্তি পায় এটি। সাগর কে চন্দ্র পরিচালিত এ সিনেমা মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। মালায়ালাম ভাষার ব্লকবাস্টার ‘আয়াপানুম কোশিয়ুম’ সিনেমার রিমেক ‘ভীমলা নায়ক’। এর চিত্রনাট্য রচনা করেন ত্রিবিক্রম শ্রীনিবাস।

এ ছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন-রানা দাগ্গুবতি, নিথিয়া মেনন, মুরালি শর্মা, রঘু বাবু প্রমুখ। বর্তমানে পবন কল্যাণের হাতে রয়েছে ‘হরি হারা বীরা মালু’ সিনেমার কাজ। কৃষ পরিচালিত এ সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন ২৮ বছর বয়সী অভিনেত্রী নিধি আগরওয়াল। তা ছাড়াও ‘ওস্তান ভগত সিং’, ‘ওজি’ এবং ‘ব্রো’ সিনেমার কাজ তার হাতে রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |