মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
বিনোদন ডেস্ক : গত বছরের ১০ আগস্ট পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর জন্ম দেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। আর সন্তান গর্ভে থাকা থেকেই সিনেমায় অনিয়মিত তিনি। তবে এখন ফেরার প্রস্তুতি নিচ্ছেন এ নায়িকা।
সন্তান জন্মের পর প্রতিটি নারীর ওজন বেড়ে যায়। ঢাকাই চলচ্চিত্রের এ নায়িকারও তাই হয়েছিল। সিনেমায় ফেরার প্রস্তুতি নেয়ায় এখন ওজন ঝরিয়ে প্রায় আগের অবস্থায় ফিরেছেন। এখন আর মাত্র চার কেজি ওজন কমানো লক্ষ্য তার।
পরীমণি বলেন, আমি এখন ৫৬ কেজিতে আছি, টার্গেট রয়েছে ৫২ কেজি। একসময় ওজন ৫২ থেকে ৫৩ কেজির মধ্যে ছিল। ছেলে রাজ্যর জন্মের আগে ও পরে অনেক বেড়ে গিয়েছিল ওজন। মাত্র অল্প ক’দিনের মধ্যেই সিনেমায় ফেরার আভাস দিয়েছেন পরীমণি। কিছুদিন আগেই সংবাদমাধ্যম থেকে জানা যায়—কলকাতা ও বাংলাদেশ মিলে বড় বাজেটের তিনটি সিনেমা ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।
ছেলের জন্মদিন নিয়ে দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে কাজের প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, কলকাতা-বাংলাদেশ মিলেই সিনেমা করব। কয়েকটি জায়গায় কথা হয়েছে। মোটামুটি চূড়ান্ত বলতে পারেন। তবে এখনই সেসব বলা যাবে না। ক’জন প্রযোজক তো রাজ্যর জন্মদিনেই তা ঘোষণা দিতে চেয়েছিলেন। কিন্তু রাজি হইনি আমি।
পরীমণি বলেন, এ প্রস্তাবে আমি রাজি হইনি। কেননা এটি ছেলের প্রথম জন্মদিন। রাজ্যর প্রথম জন্মদিনের আনন্দকে আমি ভাগাভাগি করতে চাচ্ছি না। তবে ছেলের জন্মদিনে ঘোষণা না এলেও পরপরই ঘোষণা আসবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০২১ সালে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার শুটিং সেটে পরিচয় রাজ-পরীর। তারপর প্রেম ও পরিণয়। এরপর বিয়ে করেন তারা। আর গত বছরের ১০ আগস্ট তাদের সংসারে একমাত্র ছেলের জন্ম হয়।