মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক: বিগত কয়েক বছর ধরে অজয় দেবগণের ‘ময়দান’ সিনেমাটির কথা কোনো আলোচনাতেই ছিল না। সবশেষ সিনেমাটি গত বছর ২৩ জুন মুক্তির কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। আবারও পিছিয়ে যায় মুক্তির দিন।এবার জানা জানা গেছে, চলতি বছর ঈদে মুক্তি পাচ্ছে ‘ময়দান’ সিনেমাটি। ২৩ জানুয়ারি এ সিনেমার নতুন একটি পোস্টার প্রকাশ্যে আসে। এটির ব্যাকগ্রাউন্ডে কলকাতার ট্রাম সবার নজর কাড়ে। পায়ে ফুটবল নিয়ে অজয় দেবগণকে এক নতুন লুকে দেখা গেছে। অনেকেই মনে করছেন এ পোস্টার পুরনো কলকাতার নস্টালজিয়া ফিরিয়ে আনবে।
এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় ‘ময়দান’ সিনেমার নতুন পোস্টার পোস্ট করে অজয় দেবগণ লেখেন, ‘দীর্ঘ প্রতীক্ষিত এ সিনেমা বিশ্বজুড়ে এবার মুক্তি পেতে চলেছে। ক্যালেন্ডারে মার্ক করে রাখুন এ বছরই ঈদে ময়দানে নামব। গর্বের সঙ্গে দেখার জন্য অপেক্ষায় থাকুন।একটা অনুপ্রেরণার গল্প বলবে এ সিনেমা।’ সিনেমার পোস্টারে নজর কাড়ে কলকাতার পুরনো ট্রামের ছবি। এ দৃশ্য দেখে বোঝা যাচ্ছে কলকাতাতেও সিনেমাটির কিছু অংশের শুটিং হয়েছে। ফলে সিনেমার কাহিনিতেও যে কলকাতার ছাপ থাকবে, একথা ধরে নেওয়া যায়।চলতি বছরের ঈদে মুক্তি পাচ্ছে আরেকটি সিনেমা। এটি অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’। একইদিনে এ দুই সিনেমা মুক্তি পেলে দর্শকদের মধ্যেও কতটা উন্মাদনা তৈরি হবে তা নিয়ে নির্মাতারা চিন্তা-ভাবনা করছেন।
অমিত রবীন্দ্রনাথ শর্মা, বনি কাপুর এবং জি স্টুডিওসের প্রযোজনায় ‘ময়দান’ সিনেমার মূল কাহিনি আবর্তিত হয়েছে। এ সিনেমায় অজয় দেবগণ ছাড়া অভিনয় করেছেন প্রিয়ামণি, গজরাজ রাও এবং বাঙালি অভিনেতা রুদ্রনীল ঘোষ। একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে আরেক বাঙালি তরুণ অভিনেতা আরিয়ান ভৌমিককেও। সিনেমার ট্রেলারেই তিনি সবার নজর কেড়েছেন।‘ময়দান’ সিনেমাটি ২০২০ সালের ২৭ নভেম্বর প্রথম এ সিনেমা মুক্তির পাওয়ার কথা ছিল। সেই তারিখ তারপর পিছিয়ে যায় ১১ ডিসেম্বরে। তারপর ২০২১ ও ২০২২ সালেও পাঁচবার মুক্তির তারিখ চূড়ান্ত করা হয় সিনেমার নির্মাতার পক্ষ থেকে। তা সত্ত্বেও মুক্তি পায়নি সিনেমাটি। গত বছর ২০২৩ সালের মার্চ মাসে মুক্তি পেয়েছিল এ সিনেমার ট্রেলার, এবার জানা গেল সিনেমার মুক্তির চূড়ান্ত দিন।