মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক: সিনেমার নাম ‘আহারে জীবন’। ছটকু আহমেদের পরিচালনা। ফেরদৌস-পূর্ণিমার অভিনয়। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা এক ডজনের বেশি সিনেমার তালিকায় আহারে জীবনও রয়েছে। পরিচালক ছটকু আহমেদ বরাবরই সামাজিক নানা বিষয় তুলে আনেন তাঁর সিনেমায়। বিনোদনের মিশেলে তাতে থাকে জীবনবাস্তবতার ছোঁয়া। ঠিক এখানেই ঈদের অন্য সিনেমাগুলোর চেয়ে আহারে জীবন অনেকটা আলাদা। সিনেমাটির গল্পে উঠে এসেছে করোনাকালীন দিনগুলোর চিত্র। সেই সময়ের অসহায়ত্ব, মানবিকতা আর সম্পর্কের টানাপোড়েনের কথা। সিনেমাটির মুক্তি উপলক্ষে গতকাল রাজধানীর ফিল্ম আর্কাইভে আয়োজন করা হয় ট্রেলার ও পোস্টার প্রকাশ অনুষ্ঠানের। সেখানে পূর্ণিমা না থাকতে পারলেও এসেছিলেন ফেরদৌস, পরিচালক ছটকু আহমেদ, মসিহউদ্দিন শাকের, জাকির হোসেন রাজু, শাহীন সুমন, প্রযোজক হাবিবুর রহমান খানসহ অনেকে। আহারে জীবন সম্পর্কে ছটকু আহমেদ বলেন, ‘এটি একটি জীবনঘনিষ্ঠ সিনেমা। করোনার সময়ের একটি ঐতিহাসিক দলিল। বাংলাদেশসহ সারা বিশ্বে একটি মানবিক বিপর্যয়ের সৃষ্টি করেছিল বৈশ্বিক মহামারি করোনা। সেই সময়ের ঘটনা উঠে এসেছে এ সিনেমায়।’
মঞ্চে ছটকু আহমেদের পাশে বসেছিলেন ফেরদৌস। কালো পাঞ্জাবি, কোট, মাথায় কালো টুপি। সংসদ সদস্য হওয়ার পর রাজনৈতিক মঞ্চেই এখন তাঁকে বেশি দেখা যায়। অনেক দিন পর নিজের সিনেমার কোনো অনুষ্ঠানে এসেছিলেন গতকাল। তাই ঈদের সিনেমা নিয়ে স্মৃতিচারণা করে ফেরদৌস বলেন, ‘ঈদের আনন্দের একটা বড় অংশজুড়ে থাকে সিনেমা। আমরা ছোটবেলায় ঈদি জমাতাম। সেই টাকা দিয়ে ঈদের সিনেমা দেখতে যেতাম। দুই ঈদের সঙ্গে চলচ্চিত্রের একটা বিরাট মেলবন্ধন। ঈদের সিনেমা নিয়ে সবারই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। কয়টা সিনেমা রিলিজ হবে, কার সিনেমা এগিয়ে থাকবে, কে কয়টা হল পাবে—এ ধরনের একটা প্রতিদ্বন্দ্বিতা চলে। আমি যখন চলচ্চিত্রে সম্পৃক্ত হলাম, তখন থেকে এমনটা দেখে আসছি। নরমালি এক সপ্তাহে দুটো সিনেমা রিলিজ হওয়ার কথা, ঈদ এলে কখনো কখনো সেটা আটটা-দশটা হয়ে যায়। এবার ঈদেও বেশ কয়েকটি সিনেমা রিলিজ হবে। সব সিনেমার জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা।’