বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সাগর দেব,আমিরাত: সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবি শহরে বৃহত্তম তালিকাবদ্ধ ডেভেলপার প্রতিষ্ঠান আলদার গত বছর ৪৯টি চুক্তি করেছে, যার মূল্য ৬০০ কোটি ডলার। ইউএইর ক্রমবর্ধমান আবাসন খাতে এটি নতুন এক নজির। আলদারের প্রধান নির্বাহী আদেল আবদুল্লা আল-বেরেইকি বলেন, ‘এ চুক্তিগুলো শুধু আবাসন চাহিদাকেই পূর্ণ করবে না। একই সঙ্গে অফিস ও খুচরা ব্যবসাকে জায়গা করে দেবে।
অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে আমিরাত হবে আরো বেশি পরস্পর সংযুক্ত ও সম্পর্কিত।’ চুক্তির ৫৩ শতাংশই ছিল আলদারের নিজস্ব প্রকল্প। আবুধাবি স্থানীয় সরকারের পক্ষে হয়ে বাকি চুক্তিগুলো বিভিন্ন সংস্থার সঙ্গে সম্পন্ন হয়েছে। আলদারের বিবৃতিতে বলা হয়েছে, এর মধ্য দিয়ে ইয়াশ দ্বীপ, সাদিয়াত দ্বীপ ও আল শামখার মতো আকর্ষণীয় এলাকায় বাড়বে ভিলা, অ্যাপার্টমেন্ট, অফিস, খুচরা বিপণন কেন্দ্র, স্কুল ও প্রধান রাস্তা। আলদারের সব চুক্তিই ছিল সংযুক্ত আরব আমিরাতের জলবায়ু লক্ষ্যমাত্রাকে অনুসরণ করে। আল বেরেইকি বলেন, ‘আলদারের কার্যক্রমে টেকসই উন্নয়নই ছিল কেন্দ্রবিন্দুতে। চুক্তির আগে এটা নিশ্চিত করা হয়েছে, সব চুক্তিই শূন্য কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রা নীতিমালার জন্য অনুকূল।’ ইউএইর আবাসন খাত মহামারী-পরবর্তী সময়ে নতুন করে শক্তিশালী অবস্থানে ফিরেছে।
২০২১ সালের শ্লথতার পর গতি পেয়েছে। সরকার বিভিন্ন কোম্পানির জন্য সুযোগ উন্মুক্ত করে দেয়ার কারণে দেশটিতে দ্রুত বিকাশ লাভ করছে প্রযুক্তি ও পর্যটন খাত। আলদার ট্রোজান জেনারেল কন্ট্রাকটিংয়ের সঙ্গে চুক্তি করেছে সাদিয়াত দ্বীপে। সেখানে সাদিয়াত লেগুনস নামের প্রকল্পের প্রথম দুই ধাপ সম্পন্ন হবে এ চুক্তির অধীনে। তৃতীয় ধাপ শেষ করার জন্য চুক্তি হয়েছে ইনোভো বিল্ড। সব মিলিয়ে সাদিয়াত লেগুনসের অধীনে দুই হাজার আবাসিক ইউনিট নির্মিত হবে। ইয়াশ দ্বীপে ইয়াশ পার্ক ও ইয়াশ পার্ক ভিউতে বাড়ি নির্মাণের জন্য আলদার চুক্তিবদ্ধ হয়েছে ফিব্রেক্সের সঙ্গে। সম্প্রতি আলদার ঘোষণা দিয়েছে, প্রতিষ্ঠানটি ৫০০ কোটি আমিরাতি দিরহাম বিনিয়োগ করবে আবুধাবিতে। বিনিয়োগের অর্থ ব্যয় করা হবে বাণিজ্যিক, খুচরা ও আবাসন খাতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে। দেশের ভেতরে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর উপস্থিতিও নিশ্চিত করতে চায় আলদার।