বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

চ্যালেঞ্জিং পেশায় তিন জেলায় নারী এসপি

চ্যালেঞ্জিং পেশায় তিন জেলায় নারী এসপি

চ্যালেঞ্জিং পেশায় তিন জেলায় নারী এসপি

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ পদ পুলিশ সুপার (এসপি)। একজন এসপি জেলা পুলিশের সর্বেসর্বা। বর্তমানে দেশের ৬৪ জেলার মধ্যে তিনটি জেলায় তিনজন নারী পুলিশ সুপার রয়েছেন। তারা হলেন- গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা, শেরপুর জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম এবং খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর।

পুলিশ বাহিনীতে পুরুষদের সঙ্গে সমানতালে এগিয়ে চলছেন নারীরা। তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করছেন বিভিন্ন দায়িত্ব। প্রয়োজনীয় যোগ্যতার পরিচয় দিয়ে অতিরিক্ত আইজিপি পদেও পদোন্নতি পাচ্ছেন। কনস্টেবল ও উপ-পরিদর্শক (এসআই) পদে মাত্র ১৪ জনকে নিয়ে ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে নারীর যাত্রা শুরু। সময়ের পরিবর্তনে ২০২৪ সালে এসে সেই সংখ্যা এখন ১৬ হাজার ৮৫৮ জনে। নারী পুলিশ সদস্যরা এখন দায়িত্ব পালন করছেন উচ্চ পর্যায়েও। এ মুহূর্তে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে কর্মরত আছেন বেশ কয়েকজন নারী। অতীতে অলংকৃত করেছেন অতিরিক্ত আইজিপির পদও।

নারীর এ অগ্রযাত্রার পথ একেবারে সহজ ছিল না। মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিক নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাদের। নারী পুলিশ সদস্যদের সমস্যাগুলো সম্পর্কে এক শ্রেণির পুরুষ কর্মকর্তার অসংবেদনশীলতা এই সমস্যা আরও প্রকট করেছে। তবে সাম্প্রতিক সময়ে এ সমস্যা নেই বললেই চলে। পুলিশের নারী সদস্যরা স্বতঃস্ফূর্তভাবেই কাজ করছেন বাহিনীতে। আগ্নেয়াস্ত্র নিয়ে ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনা থেকে শুরু করে চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনও করছেন তারা।

মেধা, যোগ্যতা, সাহসিকতা ও দক্ষতার প্রমাণ দিয়ে পুরুষের সঙ্গে সমানতালে কাজ করছেন পুলিশের নারী সদস্যরা। জঙ্গিবাদ নিয়ন্ত্রণ, দুর্র্ধষ আসামিদের গ্রেফতার, জলদস্যুদের দমন ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযানে অংশ নিচ্ছেন তারা। দায়িত্ব পালনকালে জীবনও বিলিয়ে দিয়েছেন কেউ কেউ। অগ্রিম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলায়ও রাখছেন অবদান। কাজ করছেন নারী নির‍্যাতন, পাচার ও বাল্যবিয়ে প্রতিরোধ, একতরফা তালাকের ক্ষেত্রে দেনমোহর ও খোরপোষ আদায় এবং যৌতুকসহ বিভিন্ন সামাজিক সমস্যার বিরুদ্ধে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতেও নারী পুলিশ সদস্যদের এখন দেখা যায় সরব ভূমিকায়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |