মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
নিজস্ব সংবাদদাতা: আসন্ন চার সিটি নির্বাচনে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে (পুলিশ ও প্রশাসন) নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে সংশ্লিষ্ট মেট্রোপলিট্রন পুলিশ কমিশনার ও জেলা প্রশাসককে নির্দেশনা পাঠানো হয়েছে। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক নির্দেশনা থেকে এ তথ্য জানা যায়।
নির্দেশনায় বলা হয়েছে, ১২ জুন খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণা করা হয়েছে।ঘোষিত তফসিল অনুসারে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ যথাযক্রমে ১৬ মে ও ২৩ মে।
সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র।সংগ্রহ ও দাখিলের সময় কোনো কোনো প্রার্থীর মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা বা শো-ডাউন করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর ১১ ও ১৩ বিধিতে নিম্নরূপ বিধান রয়েছে –
(১) মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোন প্রকার মিছিল কিংবা শো-ডাউন করা যাইবে না বা প্রার্থী ৫ (পাঁচ) জনের অধিক সমর্থক লইয়া মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারিবেন না।
(২) নির্বাচন-পূর্ব সময়ে কোন প্রকার মিছিল বা কোনরূপ শো-ডাউন করা যাইবে না। এছাড়া কোনো ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান, ট্রেন কিংবা অন্য কোনো যান্ত্রিক যানবাহনসহকারে মিছিল বা মশাল মিছিল বা অন্য কোনো প্রকারের মিছিল বাহির করিতে পারিবে না কিংবা কোনরূপ শোডাউন করা যাবে না।
নির্দেশনায় আরো বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের পূর্ব শর্ত নির্বাচনি আচরণ বিধি যথাযথভাবে প্রতিপালন। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনসমূহে নির্বাচনি এলাকার আচরণ বিধির যথাযথ প্রয়োগ ও প্রতিপালন নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপার যথাযথ দায়িত্ব পালন করবেন।