মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
মির্জা সুবেদ আলী রাজা : দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত জাতীয় ভূমি সম্মেলনে প্রধানমন্ত্রী জনগণকে ঝামেলামুক্ত ও দ্রুত ভূমি সংক্রান্ত সেবা দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। এসময় প্রধানমন্ত্রী এবং ভূমি মন্ত্রণালয়ের ৭টি নতুন উদ্যোগ উদ্বোধন করেন। তিনি বলেন, ‘আমাদের ভূমি মন্ত্রণালয়ের গৃহীত সাতটি উদ্যোগের প্রতিটি একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
ভূমি মন্ত্রণালয়ের নতুন উদ্যোগগুলোর মধ্যে রয়েছে- রেজিস্ট্রেশন-মিউটেশন আন্ত:সংযোগ, স্মার্ট ভূমি নকশা, স্মার্ট ভূমি রেকর্ডস, স্মার্ট ভূমি পিডিয়া, স্মার্ট ভূমিসেবা কেন্দ্র এবং ইউনিয়ন ভূমি অফিস। যার মাধ্যমে দেশ এগিয়ে যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের স্বপ্নের পথে। সেই লক্ষে কাজ করে যাচ্ছেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ খলিলুর রহমান।
গত ২ এপ্রিল ভূমি মন্ত্রণালয়ে সচিব হিসেবে নিযুক্ত হন মোঃ খলিলুর রহমান। এর আগে তিনি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার ও সিলেট বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তৃণমূলের বিভিন্ন স্তরে সুনামের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাসহ বিভিন্ন বিষয়ে তাঁর কর্মদক্ষতার কারণে বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের একজন সফল ও গুণী কর্মকর্তা হিসেবে পরিচিত।
গাইবান্ধা সদরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে বিসিএস (প্রশাসন) ক্যাডারে ১৯৯৪ সালের ২৫ এপ্রিল চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন।
পরবর্তীতে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ময়মনসিংহ সদর উপজেলায় কাজ করেছেন এবং পূনরায় সহকারী কমিশনার হিসেবে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে কাজ করেছেন। তিনি টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় জেলা দুনীতি দমন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি বিসিএস (প্রশাসন) একাডেমিতে উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
পরে উপজেলা নিবাহী অফিসার হিসেবে নওগাঁ জেলার বদলগাছী উপজেলা এবং গাজীপরের কালিগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সিনিয়র সহকারী সচিব ও উপসচিব
হিসেবে স্থানীয় সরকার বিভাগে কাজ করেছেন। মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ জেলা প্রশাসক হিসেবে তিনি নাটোর ও ময়মনসিংহ জেলায় অত্যন্ত সুনাম ও কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব হিসেবে মন্ত্রীপরিষদ বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ ঢাকা বিভাগীয় কমিশনার ও সিলেট বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
মাঠপ্রশাসনের গুরুত্বপূর্ণ স্তরে দক্ষতার সঙ্গে কাজ করে যাওয়ায় তৃণমূলের মানুষের কাছে সবচেয়ে সৎ ও সেবাদানকারী সুশাসক হিসেবে মর্যাদা কুড়িয়েছেন মোঃ খলিলুর রহমান।