মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

শেখ হাসিনার বেঁচে থাকাই বিএনপির অন্তরজ্বালা: কাদের

শেখ হাসিনার বেঁচে থাকাই বিএনপির অন্তরজ্বালা: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার বেঁচে থাকাই বিএনপির অন্তরজ্বালা। তিনি বলেন, বারবার ব্যর্থচেষ্টার পরও শেখ হাসিনার বেঁচে থাকা ও ক্ষমতায় থাকাই বিএনপির অন্তরজ্বালা। তাদের বুকে ব্যথা, মনে জ্বালা। আজ শুক্রবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় খামারবাড়ির কেআইবি মিলনায়তনে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপির প্রধান শত্রু শেখ হাসিনা উল্লেখ করে তিনি বলেন, জিয়াউর রহমান ও খন্দকার মোশতাক বিশ্বাসঘাতকতা না করলে, খুনিদের সাহস হতো না সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করার। ওবায়দুল কাদের বলেন, জিয়া খুনিদের বিদেশে পাঠায় এবং পুরস্কৃত করে। সবচেয়ে বড় অপরাধ করেছে ইমডেমনিটি সংবিধানে অন্তর্ভুক্ত করে। এর জবাব বিএনপি নেতারা দিতে পারে না।
তিনি বলেন, কোনো ষড়যন্ত্র-চক্রান্তেও দেশ অনিশ্চয়তার দিকে যাবে না। বিএনপিই অনিশ্চয়তার দিকে যাচ্ছে। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা কত জনপ্রিয় সেটা নির্বাচনে টের পাবেন। ১০ ডিসেম্বর নিয়ে এখন আবার বিএনপির ডিফেন্সিভ মুড কেন? মনে হয় এইতো ক্ষমতায় এসে যাবো, এমন একটা ভাব ছিল। এখন সে ভাব কোথায় গেল? বলেছিল বিজয় মিছিল করবে ঢাকায়, এখন ভিন্ন সুর। জানি না এটা আবার কোন কৌশল!
এদিকে, বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম সম্মেলনে হারুন উর রশিদকে সভাপতি ও তানজিদ বিন রহমান তুর্যকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। ওবায়দুল কাদের এ নাম ঘোষণা করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |