মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

দেশের মানুষ আওয়ামী লীগের বিদায় দেখতে চায় : মির্জা ফখরুল

দেশের মানুষ আওয়ামী লীগের বিদায় দেখতে চায় : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিনিধি:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ ‘ভুলে যান, ওই নৌকার কথা ভুলে যান’ এমন গান গাইতে শুরু করেছে। এখন বাংলাদেশের মানুষ আপনাদের বিদায় দেখতে চায়। সময় থাকতে কেটে পড়ুন। তা না হলে এ দেশের মানুষ আপনাদের বিদায় করবে।

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে বিভাগীয় গণসমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। গুম, খুন ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কুমিল্লা বিভাগীয় বিএনপি’র এ গণসমাবেশ আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, এই সরকার গত ১৫ বছরে আমাদের সব অর্জন ধ্বংস করে দিয়েছে। নষ্ট করে দিয়েছে সব স্বপ্ন। যেদিকে তাকাবেন খালি চুরি আর চুরি। দেশের মানুষ আওয়ামী লীগের বিদায় দেখতে চায়। তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) জোর করে দুবার নির্বাচন করেছে। ২০১৪ সালে কেউ ভোট দিতে কেন্দ্রে যায়নি। ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ২০১৮ সালেতো আগের রাতে ভোট শেষ হয়ে গেছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিনের সভাপতিত্বে সমাবেশে তিনি ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |